খুলনায় তরুণীকে গুলি করে হত্যা, অভিযুক্ত মিরাজ

খুলনায় খুশি (২৪) নামের এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে লবণচরা থানাধীন জিন্নাহ পাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খুশি জিন্নাহ পাড়া এলাকার বাসিন্দা খোকন শেখের মেয়ে এবং তিনি সুমন সরদারের স্ত্রী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় খুশি জিন্নাহ পাড়া এলাকায় তার মায়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মিরাজ নামের এক যুবক সেখানে উপস্থিত হয়ে খুশির মাকে সালাম দিয়ে কথা বলা শুরু করেন। কথোপকথনের এক পর্যায়ে মিরাজ হঠাৎ তার কাছে থাকা পিস্তল বের করে খুশির মাথায় ও শরীরে গুলি করেন।

গুরুতর আহত অবস্থায় খুশিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনার পর থেকে পুলিশ অভিযান ও তদন্ত চালিয়ে যাচ্ছে। অভিযুক্ত মিরাজের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।