বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপান সরকার সম্মতি দিয়েছে বলে সম্প্রতি কয়েকটি দেশীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি পুরোপুরি নাকচ করে টোকিও জানিয়েছে, এই ধরনের দাবির কোনো সত্যতা নেই।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বিষয়টি পরিষ্কার করেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বার্তাগুলোতে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার যে দাবি করা হচ্ছে, তা সত্য নয়।
প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো আরও নিশ্চিত করেছেন যে, গত ২৭ অক্টোবর বাংলাদেশ ও জাপানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষপর্যায়ের বৈঠকেও কর্মী নেওয়ার মতো কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।
প্রকৃত বিষয়টি বিশদভাবে জানতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত দুই দেশের শীর্ষ বৈঠকের আনুষ্ঠানিক বিবরণ বা মিনিটস দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

