৩৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে চুক্তি করল যমুনা গ্রুপ

দেশের বৃহত্তম ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে বড় পদক্ষেপ নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। বৃহস্পতিবার রাজধানী ঢাকার গুলশানে গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভ (জিজিআই)-এর সঙ্গে এ সংক্রান্ত একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি সই করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় ৩৪ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হবে, যা বাংলাদেশে এ যাবৎকালের সবচেয়ে বড় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প।

গুলশানের বেস্টসেলার কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম এবং জিজিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নূর আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) মডেলের আওতায় এ চুক্তিটি সম্পাদিত হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রকল্পটির অর্থায়ন, নির্মাণ, মালিকানা ও পরিচালনার সম্পূর্ণ দায়িত্বে থাকবে জিজিআই। এর ফলে যমুনা গ্রুপকে কোনো প্রাথমিক বিনিয়োগ করতে হবে না। উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে নির্ধারিত হারে জিজিআইকে অর্থ পরিশোধ করবে যমুনা গ্রুপ।

প্রকল্পটি পুরোপুরি চালু হলে বছরে প্রায় ৪৬ হাজার মেগাওয়াট/ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে বছরে প্রায় ৩০ হাজার টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ এড়ানো সম্ভব হবে, যা শোষণ করতে বছরে ১০ লাখেরও বেশি গাছের প্রয়োজন হতো। মূলত বেস্টসেলার-এর সরবরাহকারী হিসেবে যমুনা গ্রুপের এই রূপান্তর বেস্টসেলার কোম্পানির কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখবে। উল্লেখ্য, জিজিআই যৌথভাবে প্রতিষ্ঠা করেছে হার্টল্যান্ড (বেস্টসেলার-এর হোল্ডিং কোম্পানি) এবং সলশেয়ার। প্রতিষ্ঠানটি ট্রুভ্যালু ও ওয়ান টু ওয়াচের ওআরই ফান্ডের সহায়তায় পরিচালিত হচ্ছে।

১৯৭৪ সালে বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। যমুনা ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের মাধ্যমে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে স্বীকৃত। বর্তমানে টেক্সটাইল, প্রকৌশল, রাসায়নিক, চামড়া, আবাসন, গণমাধ্যম, ভোগ্যপণ্য ও ইলেকট্রনিক্সসহ বিভিন্ন খাতে গ্রুপটির ৪২টি কৌশলগত ব্যবসায়িক ইউনিট রয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলা, আমদানিনির্ভরতা হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের পক্ষ থেকে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এবং দেশের স্বার্থে সৌরবিদ্যুৎ উৎপাদনের এই বড় উদ্যোগ নিয়েছে যমুনা গ্রুপ। প্রধানমন্ত্রী এর আগে বাড়ি, অফিস ও অন্যান্য প্রতিষ্ঠানে সৌর বা নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছিলেন। গত ২৪ মে জাতীয় সংসদ ভবনে ১ মেগাওয়াট ক্ষমতার ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনকালে তিনি বলেছিলেন, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গকিলোমিটারে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘণ্টা সৌরশক্তি পাওয়া যায়, যা আমাদের বিশাল সম্ভাবনাকে নির্দেশ করে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ চালুর কথাও ঘোষণা করেছেন। এছাড়া গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে তিনি জানান, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর অংশ হিসেবে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারের এই লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাত থেকে বড় অংশীদার হিসেবে এগিয়ে এল যমুনা গ্রুপ।