গোলাম আযমের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে বললেন ডা. শফিকুর রহমান

ইসলামী মূল্যবোধসম্পন্ন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের অবদান জাতি সর্বদা শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অধ্যাপক গোলাম আযমের ১২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কথা জানান। জামায়াত আমীর বলেন, বিশ্বনন্দিত এই ইসলামী চিন্তাবিদ ও অসংখ্য বইয়ের লেখককে দ্বীনের দাওয়াত প্রসারের জন্য আল্লাহ এ দেশে পাঠিয়েছিলেন। শত প্রতিকূলতা, বাধা-বিপত্তি ও জুলুমের শিকার হয়েও তিনি একজন খাঁটি দাঈ হিসেবে জীবন অতিবাহিত করেছেন। মহান আল্লাহর কাছে তার সব ভালো প্রচেষ্টা কবুল করে, ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দানের প্রার্থনা জানান তিনি।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, অধ্যাপক গোলাম আযমের জীবনকাল শিক্ষণীয় এবং বর্তমান সময়ের গবেষকদের জন্য গবেষণার উপাদান। বর্ণাঢ্য শিক্ষাজীবন, রাজনৈতিক ও পেশাগত জীবনে তিনি অনুকরণীয় স্বাক্ষর রেখে গেছেন। রাজনৈতিক জীবনে মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন আপসহীন এবং বাতিলের বিরুদ্ধে এক অনন্য চ্যালেঞ্জ। নাগরিকদের অধিকার রক্ষায় ছাত্রজীবনেই তিনি ভাষা আন্দোলনে যোগ দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জেনারেল সেক্রেটারি (জিএস) নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি তমদ্দুন মজলিসে যোগ দিয়ে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। ফ্যাসিস্ট স্বৈরশাসক ও তাদের দোসরদের শত অত্যাচার, নির্যাতন ও অপবাদ সহ্য করেও পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের মানুষের সার্বিক মানোন্নয়নে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন।

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৯৮৩ সালে অধ্যাপক গোলাম আযম সর্বপ্রথম ‘তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা’ উপস্থাপন করেছিলেন বলে স্মরণ করিয়ে দেন ডা. শফিকুর রহমান। তাঁর সেই ঐতিহাসিক প্রস্তাবের ওপর ভিত্তি করেই ১৯৯৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধানে ‘তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা’ সংযোজন করে। অধ্যাপক গোলাম আযমের প্রণীত এই রূপরেখা পরবর্তীতে শ্রীলঙ্কা ও পাকিস্তানসহ বিশ্বের একাধিক দেশ গ্রহণ ও অনুসরণ করেছে।

জামায়াতে ইসলামীর সমৃদ্ধিতে অধ্যাপক গোলাম আযমের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে দলটির আমীর বলেন, তাঁর অবদানের ফলে পুরো উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে ইসলামী আন্দোলনের এক উর্বর ক্ষেত্র প্রস্তুত হয়েছে। তিনি ১৯৫৪ সালের এপ্রিলে সহযোগী (মুত্তাফিক) হিসেবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এরপর ১৯৫৫ সালের জুনে রাজবাড়ী বা রাজশাহী বিভাগীয় জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিযুক্ত হন। এর এক বছর পর তাঁকে পূর্ব পাকিস্তান জামায়াতের সহকারী সেক্রেটারি এবং রাজশাহী বিভাগীয় জামায়াতের আমীরের দায়িত্ব দেওয়া হয়, যা ১৯৬২ সাল পর্যন্ত তিনি পালন করেন। ১৯৬৯-৭১ সেশনে তিনি পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হন। সবশেষে ২০০০ সালের ডিসেম্বরে মজলিসে শূরার কাছে বিশেষ আবেদনের মাধ্যমে আমীরে জামায়াতের দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নেন।

অধ্যাপক গোলাম আযমের ৯২ বছরের দীর্ঘ জীবনে কারাভোগ ও রাজসংগ্রামের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান জানান, রাজনৈতিক জীবনে তিনি মোট ৫ বার কারাবরণ করেছেন। ভাষা আন্দোলনের সময় দুইবার, ১৯৬৪ সালে একবার এবং ১৯৯২ সালে তিনি জেলে যান। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১২ সালের ১১ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় ২০১৪ সালের ২৩ অক্টোবর নশ্বর পৃথিবী ছেড়ে অনন্ত লোকান্তরিত হন এই শীর্ষ ইসলামী ব্যক্তিত্ব।