বিজেএস পরীক্ষায় সিভিল জজ হলেন ইবির ১৯ শিক্ষার্থী

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের ১৯ জন শিক্ষার্থী সিভিল জজ পদে সাময়িকভাবে মনোনীত হওয়ার গৌরব অর্জন করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে এই ফলাফল ঘোষণা করা হয় এবং কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় সহকারী জজ পদে মোট ২০০ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আইন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম; ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আসিফ হোসেন ও শফিক শোভন; ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাদিয়া আফরিন খান; ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অ্যাডভোকেট হুমায়ুন কবির ও অ্যাডভোকেট সালমা খাতুন; ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহবুবা মোহিনী, শাকির আলম, রফিকুজ্জামান, আনোয়ার হোসেন, শারমিন খাতুন ও ইয়াসমীন খাতুন; ২০১৮-১৯ শিক্ষাবর্ষের খালিদ লিখন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের আমজাদ হোসেন রয়েছেন।

আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তৌহিদুল ইসলাম ও এ. এইচ. হাবিব; ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নুসরাত জাহান তানি এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের রোকনুজ্জামান রায়হানও এই তালিকায় স্থান পেয়েছেন। এছাড়া আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজু আহমেদ সিভিল জজ হিসেবে মনোনীত হয়েছেন।

কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ হিসেবে সিভিল জজ নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এই পরীক্ষায় উত্তীর্ণ ২০০ জন প্রার্থীর রোল নম্বর মেধাক্রম অনুযায়ী প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, কোনো প্রার্থী যদি অসত্য তথ্য প্রদান করেন, তথ্য গোপন করেন, যোগ্যতার ঘাটতি থাকে কিংবা আবেদনপত্রে কোনো অসঙ্গতি পাওয়া যায়, তবে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। এছাড়া প্রাক-পরিচয় যাচাই বা পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে কোনো বিরূপ তথ্য পাওয়া গেলেও মনোনয়ন বাতিল করা হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের উপস্থিতির স্থান, তারিখ ও সময় পরবর্তীতে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ (সিভিল জজ) নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৫-এ সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত ২০০ জন প্রার্থীর রোল নম্বর বিধি অনুযায়ী কোটা সংরক্ষণপূর্বক মেধাক্রম থেকে ক্রমানুসারে প্রকাশ করা হয়েছে।