স্কুল থেকে ফেরার পথে ইসরায়েলি হামলায় শিশু ওয়াফা ও তার বাবা নিহত

গাজা উপত্যকায় নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রথম দিনেই ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে আট বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু ও তার বাবা। নিহত ওই শিশুর নাম ওয়াফা ইউসুফ নাবিল আকিলা। নীল রঙের স্কুল ইউনিফর্ম পরে নতুন ক্লাসে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বাড়ি ফেরার পথে তারা এই নৃশংস হামলার শিকার হয়।

আল-শিফা হাসপাতাল সূত্রের বরাত দিয়ে রোববার (৬ সেপ্টেম্বর) জানানো হয়, গাজার হামিদ মোড়ের কাছে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ওয়াফা ও তার বাবা নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে হাস্যোজ্জ্বল ওয়াফাকে দেখা গিয়েছিল। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে স্কুলে যাওয়ার আনন্দে নীল ইউনিফর্ম পরিহিত ওয়াফা ক্যামেরার দিকে তাকিয়ে থাম্বস-আপ দেখিয়েছিল। তবে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অন্য ছবিতে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ির ধ্বংসস্তূপের মাঝে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে তার নিথর দেহ এবং রক্তাক্ত বই-খাতা ও অন্যান্য জিনিসপত্র।