ইরানে দেশজুড়ে বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের ওপর হামলা ও হত্যার অপরাধে দুজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের দায়ের করা আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে পূর্বের সাজা বহাল রাখার পরই তাদের ফাঁসি দেওয়া হয়। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এ খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন আমির হোসেন মালেকি এবং আমির হোসেন ইব্রাহিমি। গত জানুয়ারি মাসে দেশজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনকালে ইসফাহান শহরে চারজন পুলিশ কর্মকর্তা নিহত হন। তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, গত ৮ই জানুয়ারি এই দুজন একদল দাঙ্গাকারীর সঙ্গে যুক্ত হয়ে সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর ওপর আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য অস্ত্র নিয়ে চড়াও হন। ওই হামলায় চারজন নিরস্ত্র কর্মকর্তা প্রাণ হারান, পাশাপাশি সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।
অন্যদিকে, দেশটির সারাভান শহরে পৃথক এক সশস্ত্র হামলায় হুজ্জাত ওয়াফাকারদেহ নামের আরও এক ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিজের বাসা থেকে বের হওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তাসনিম নিউজ ঘটনাটিকে একটি 'সন্ত্রাসী হামলা' হিসেবে উল্লেখ করেছে এবং এতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সংশ্লিষ্ট 'ভাড়াটে খুনিরা' জড়িত বলে দাবি করেছে।

