ইমরান খানসহ সব রাজবন্দির মানবিক অধিকার নিশ্চিতের আহ্বান

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বন্দি হিসেবে তার অধিকার বাস্তবায়নের জন্য আদালতের দ্বারস্থ হওয়ার প্রায় তিন মাস পর সুপ্রিম কোর্ট অবশেষে মঙ্গলবার বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতির বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে ডন পত্রিকায় প্রকাশিত এক সম্পাদকীয়তে বলা হয়েছে, কেবল ইমরান খান নন, পাকিস্তানের অন্য সব রাজনৈতিক বন্দিও রাষ্ট্রের সহানুভূতি ও মানবিক আচরণ পাওয়ার অধিকার রাখেন।

সম্প্রতি প্রকাশিত চিকিৎসা প্রতিবেদনগুলোতে কারাবন্দি এই নেতার স্বাস্থ্যের উদ্বেগজনক অবনতির চিত্র ফুটে উঠেছে। এর ভিত্তিতে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। আদালত স্পষ্ট করেছে, এই পরীক্ষা তার এক বোন ও ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে সম্পন্ন করতে হবে।

আদালত তার রায়ে উল্লেখ করেছে যে, হেফাজতে থাকা ব্যক্তিদের জীবন, স্বাস্থ্য, মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। এই নির্দেশের পাশাপাশি আদালত কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন ইমরান খানের সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি সপ্তাহে সাক্ষাতের ব্যবস্থা করা হয় এবং তার ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ নিশ্চিত করা হয়। রায়ের পরপরই ইমরান খানের বোন নরীন নিয়াজি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ডনের সম্পাদকীয়তে আরও বলা হয়, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ইমরান খান বহু মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছেন, অথচ কারারক্ষীরা ধারাবাহিকভাবে তার অসুস্থতার বিষয়টি অস্বীকার করে এসেছেন। এমনকি ইমরান খানের পছন্দের চিকিৎসকদের দিয়ে তাকে পরীক্ষা করানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার অভিযোগও রয়েছে। অতীতে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টির শীর্ষ নেতাসহ অন্যান্য রাজনৈতিক নেতারাও একই ধরনের বা আরও ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন।

সম্পাদকীয়তে জোর দিয়ে বলা হয়েছে যে, আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এখনো কারাগারে রয়েছেন, যাদের মধ্যে নারীও আছেন। তাদের অনেকেই একইভাবে অসুস্থতা অথবা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন এবং তারাও রাষ্ট্রের পক্ষ থেকে সহানুভূতি ও মানবিক আচরণ পাওয়ার অধিকার রাখেন।