নতুন শিক্ষাবর্ষে জ্ঞানার্জনের গুরুত্ব ও শিক্ষার্থীর করণীয়

নতুন শিক্ষাবর্ষকে স্বাগত জানানোর এই মুহূর্তে জ্ঞানার্জনের পরিসরে ফিরে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্লাসরুম, পাঠচক্র ও জ্ঞানমূলক মঞ্চে সময়কে কাজে লাগানো এবং নিজের মর্যাদা বৃদ্ধির জন্য এই প্রচেষ্টা জান্নাতের বাগানের মতো পরিবেশ তৈরি করে। তাই শিক্ষার্থীদের উচিত পরিশ্রম, আন্তরিক নিয়ত, দৃঢ় সংকল্প ও উঁচু মানসিকতা নিয়ে নতুন শিক্ষাবর্ষকে বরণ করে নেওয়া। কারণ যে চেষ্টা করে, সে সফল হয় এবং যে বীজ বোনে, সে ফল পায়। কবি বলেছেন, যে ব্যক্তি পরিশ্রম ছাড়া উচ্চ মর্যাদা কামনা করে, সে জীবনের সবটা সময় অসম্ভবের অন্বেষণে অপচয় করে।

আল্লাহতায়ালা জ্ঞানের আধার এবং তিনি সবকিছু সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। তাঁর জ্ঞান সবকিছুকে ঘিরে রেখেছে। সুরা সাবার ৩ নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি অদৃশ্য সম্পর্কে সম্যক পরিজ্ঞাত; আকাশমণ্ডলী ও পৃথিবীতে তাঁর অগোচর নয় অণু পরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র বা বৃহৎ কিছু; এর প্রত্যেকটি আছে সুস্পষ্ট কিতাবে। আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন চিন্তা ও উপলব্ধির জন্য, কান দিয়েছেন শোনার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য এবং জিহ্বা দিয়েছেন কথা বলার জন্য। সুরা আলাকের ১-৫ আয়াতে মহান আল্লাহ কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এছাড়া আদম (আ.)-কে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়ে আল্লাহ মানুষকে পৃথিবীতে তাঁর প্রতিনিধি হিসেবে সম্মানিত করেছেন, যা সুরা বাকারার ৩০-৩৩ আয়াতে বর্ণিত হয়েছে।

জ্ঞান সবচেয়ে বড় নিয়ামত, যা একটি জাতিকে উন্নত ও বিজয়ী করে তোলে। এটি সর্বোত্তম ইবাদত ও উত্তম নৈকট্যের উপায়। আল্লাহ তাঁর নবী (সা.)-কে জ্ঞানের বৃদ্ধির জন্য প্রার্থনা করতে নির্দেশ দিয়ে বলেছেন, 'হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানে সমৃদ্ধ কর' (সুরা তহা : ১১৪)। আল্লামা ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, আল্লাহ তাঁর নবীকে অন্য কোনো কিছুর বৃদ্ধির দোয়া করতে বলেননি, শুধু জ্ঞানের ক্ষেত্রে বলেছেন। এছাড়া আল্লাহ আলেমদের মর্যাদা বাড়িয়ে বলেছেন, বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাঁকে ভয় করে (সুরা ফাতি : ২৮)। সুরা আলে ইমরানের ১৮ নম্বর আয়াতে আল্লাহ আলেমদের নিজের ও ফেরেশতাদের সঙ্গে সাক্ষ্যদাতা হিসেবে উল্লেখ করেছেন এবং সুরা জুমারের ৯ নম্বর আয়াতে জ্ঞানী ও অজ্ঞদের সমান নয় বলে স্পষ্ট করা হয়েছে। এছাড়া আল্লাহতায়ালা না জানলে জ্ঞানীগণকে জিজ্ঞাসা করার নির্দেশ দিয়েছেন (সুরা নাহল : ৪৩)।

রাসুল (সা.) বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন (বোখারি : ৭১)। জ্ঞানার্জনের পথে বের হলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন (মুসলিম : ৬৭৪৬)। পূর্বসূরিরা জ্ঞানের জন্য জন্মভূমি ত্যাগ ও নানা কষ্ট সহ্য করেছেন। সুরা তওবার ১২২ নম্বর আয়াতে জ্ঞানানুশীলনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের উচিত সময়ের সঠিক ব্যবহার করা, কারণ সময় চলে গেলে তা আর ফিরে আসে না। জ্ঞান হলো হৃদয়ের জীবন, দৃষ্টিশক্তির আলো, বুকের রোগের ওষুধ, বুদ্ধির উদ্যান, আত্মার আনন্দ ও মন-প্রাণের সান্ত্বনা। এটি প্রবাসীর সাথি, একাকিত্বের সঙ্গী ও সন্দেহ দূর করার মাধ্যম। বর্তমানে জ্ঞানার্জনের জন্য নানা প্রযুক্তি ও প্ল্যাটফর্ম সহজলভ্য হওয়ায় পড়াশোনা থেকে দূরে থাকার কোনো অজুহাত নেই।

শিক্ষাগুরুদের প্রতি আহ্বান, আপনারা আগে নিজে শিখুন, তারপর শেখান এবং ছাত্রদের সামনে উত্তম আদর্শ হোন। শিক্ষা একটি মহা আমানত। আপনাদের কথা ও কাজ ছাত্রদের হৃদয়ে প্রভাব ফেলে। তাই আন্তরিক পরামর্শ ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে নিয়োজিত থাকুন, কারণ একটি সৎ কথা বা আন্তরিক শিক্ষা পুরো জীবন বদলে দিতে পারে, এমনকি একটি জাতিকেও পুনর্জীবন দান করতে পারে।