জাতীয় স্বার্থে উপযুক্ত সময়ে ভারত সফর করবেন হুমায়ুন কবির

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, তাড়াহুড়ো করে নয়, বরং জাতীয় স্বার্থের ভিত্তিতে আলোচনার অগ্রগতি হলে উপযুক্ত সময়ে ভারত সফর করা হবে। শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ একটি ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায়। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক থাকা উচিত, তবে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, কেবল ভারত নয়, কোনো দেশের সঙ্গেই জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে সরকার কাজ করবে না।

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেড় হাজার মানুষ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসী হিসেবে ভারতে গেছেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলায় বিচারিক প্রক্রিয়ার ফল এসেছে এবং আরও অনেক মামলা বিচারাধীন। তিনি জানান, ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই প্রক্রিয়াগুলো চলমান। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাসহ অন্যান্য অপরাধীদের ফিরিয়ে আনা বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত। তাই এই প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েই ভারতের সঙ্গে সম্পৃক্ত হতে চায় বর্তমান সরকার।

ভারত সফরের কোনো তাড়াহুড়ো নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে ঐকমত্যে পৌঁছাতে পারলে আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহেও সফর হতে পারে। তবে প্রধানমন্ত্রী পর্যায়ের সফর হুট করে হওয়ার মতো কোনো বিষয় নয়; এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও আলোচনার ভিত্তি তৈরি করা প্রয়োজন।

হুমায়ুন কবির আরও জানান, ভারতের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারত স্বীকার করেছে যে ৫ আগস্টের পর পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এটিকে একটি ভালো সূচনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আলোচনার ভিত্তিতে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই উপযুক্ত সময়ে ভারত সফর করা হবে।