ইতিহাস ও স্মৃতির অবিনাশী গ্রন্থাগার ‘আল-জাহিজের খাজানা’

অতীত কখনো পুরোপুরি ফুরিয়ে যায় না। আমরা অনেকেই অতীতকে একটি বন্ধ ঘরে তালাবদ্ধ করে বর্তমানের দিকে এগিয়ে যাই। কিন্তু কোনো পুরোনো বইয়ের দোকানে প্রবেশ করলেই বোঝা যায়, অতীতকে এভাবে আটকে রাখা অসম্ভব। সে তাকের ধুলোয়, পুরোনো কাগজের সুবাসে আর অচেনা হাতের লেখায় জীবন্ত হয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। তেমনই এক জীবন্ত ইতিহাসের নাম ‘আল-জাহিজের খাজানা’। এটিকে কেবল একটি প্রাচীন আরবি বইয়ের দোকান বললে এর মূল গুরুত্বটিই আড়ালে রয়ে যাবে। এই প্রতিষ্ঠানের গল্প আসলে বইয়ের ইতিহাস, আরবি সাহিত্য, জেরুজালেমের ঐতিহ্য, ফিলিস্তিনের স্মৃতি এবং নির্বাসনের এক দীর্ঘ মহাকাব্য।

এই খাজানার যাত্রা শুরু হয়েছিল উনিশ শতকের শেষভাগে, আনুমানিক ১৮৯৩ সালে উসমানি শাসনামলের কারাক অঞ্চলে। আল-মায়েতাহ পরিবারের সালমান আল-মায়েতাহ ছিলেন একাধারে লিপিকার, সংগ্রাহক ও বই ব্যবসায়ী। সে যুগে যখন বই মূলত হাতে লেখা হতো এবং প্রতিটি পাণ্ডুলিপি ছিল জ্ঞান ও পবিত্রতার প্রতীক, তখন থেকেই এই ব্যবসার সূচনা। কারাক থেকে জেরুজালেম, হেবরন ও নাবলুস হয়ে বইয়ের এই চলাচল ছিল আরব সংস্কৃতির নিজস্ব এক মানচিত্র। প্রতিটি বইয়ের যেন ছিল নিজস্ব এক দীর্ঘ জীবনী, যা কখনো কখনো মানুষের জীবনের চেয়েও দীর্ঘ হতো।

১৯২১ সালে সালমানের ছেলে খলিল আল-মায়েতাহ জেরুজালেমে এসে পারিবারিক এই বইয়ের ব্যবসাকে নতুনভাবে প্রতিষ্ঠা করেন। বুরাক প্রাচীরের কাছে গড়ে তোলা তাঁর দোকানটি ছিল অত্যন্ত সমৃদ্ধ। সেখানে ধর্মীয়, বৈজ্ঞানিক ও সাহিত্যিক পাণ্ডুলিপি সংগ্রহ করা হতো। ১৯৪৭ সালে খলিল আল-মায়েতাহর মৃত্যুর পর রাজনৈতিক সংঘাতের মধ্যে দোকানটি আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। তবে সৌভাগ্যবশত, বাড়িতে রাখা কিছু বই ও মূল্যবান পাণ্ডুলিপি রক্ষা পেয়েছিল।

এরপর ১৯৪৮ সালে খলিলের ছেলে মামদুহ আল-মায়েতাহ সেই বেঁচে যাওয়া বইগুলো নিয়ে জর্ডানের আম্মানে চলে যান। দেশ হারানোর বেদনার মাঝে এই বইগুলোই হয়ে উঠেছিল তাঁদের বহনযোগ্য মাতৃভূমি। আম্মানে এসে মামদুহ ‘আল-জাহিজের খাজানা’কে কেবল বই বিক্রির দোকানে সীমাবদ্ধ রাখেননি, বরং এটিকে একটি সামাজিক প্রতিষ্ঠানে রূপ দেন। সেখানে স্বল্পমূল্যে বই ধার নেওয়ার ও বইয়ের বিনিময়ে বই নেওয়ার ব্যবস্থা চালু করা হয়। এর ফলে বই হয়ে ওঠে এক সামাজিক অধিকার।

আব্বাসীয় যুগের মহান গদ্যকার আল-জাহিজের নামানুসারে এই খাজানার নামকরণ করা হয়েছিল। আল-জাহিজ যেমন ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ের পর্যবেক্ষণের মধ্য দিয়ে পৃথিবীকে দেখতেন, এই দোকানটিও তেমনই ক্ষুদ্র অবয়বে একটি গোটা সভ্যতার ইতিহাসকে ধারণ করে রেখেছে। তবে ইতিহাস এখানেও তার নিষ্ঠুরতার পুনরাবৃত্তি ঘটায়। ২০১৮ সালের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানটির প্রায় ১০ হাজার বই এবং প্রায় ৩ হাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ ও প্রাচীন পাণ্ডুলিপি পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু বইয়ের মানুষদের লড়াইয়ের ইতিহাসও তো দীর্ঘ। সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে ২০২১ সালে ‘আল-জাহিজের খাজানা’ আবার নতুন করে চালু করা হয়। এটি প্রমাণ করে যে, ঘরবাড়ি বা ভৌগোলিক সীমানা হারিয়ে গেলেও বইয়ের পাতার ভাঁজে মানুষের আত্মপরিচয় ও স্মৃতি অবিনাশী হয়ে বেঁচে থাকে।