কানাডার টরন্টোতে ভারতীয় বংশোদ্ভূত তরুণী হিমাংশি খুরানা হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় সাত মাস পর তার পার্টনার আবদুল গাফুরিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার টরন্টোর একটি বিমানবন্দর থেকে ৩২ বছর বয়সী গাফুরিকে গ্রেপ্তার করে টরন্টো পুলিশ। তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, এটি ছিল ‘ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার’ একটি ঘটনা। টরন্টো পুলিশের পলাতক আসামি ধরার বিশেষ দল ও হত্যাকাণ্ড তদন্তকারী ইউনিট জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে গাফুরিকে কানাডায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তবে তিনি কোন দেশে অবস্থান করছিলেন, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে, ২০২৫ সালের ১৯শে ডিসেম্বর রাতে টরন্টোতে হিমাংশি খুরানা খুন হন। এটি ছিল সেই বছর শহরটির ৪০তম হত্যাকাণ্ড। ওইদিন রাত ১০টা ৪১ মিনিটে স্ট্র্যাচান অ্যাভিনিউ ও ওয়েলিংটন স্ট্রিট ওয়েস্ট এলাকার কাছে এক নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পুলিশ ব্যাপক তল্লাশি চালায়। পরদিন সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকার একটি বাড়ির ভেতর ৩০ বছর বয়সী হিমাংশির মৃতদেহ উদ্ধার করা হয়।
তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে যে, হিমাংশি ও গাফুরি ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন। এরপরই গাফুরির বিরুদ্ধে দেশব্যাপী গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং জনসাধারণের কাছে তথ্য চেয়ে সহায়তা চাওয়া হয়। হিমাংশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারতীয় কনস্যুলেট জানায়, তারা এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। কনস্যুলেট তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছিল। গাফুরির গ্রেপ্তারের মধ্য দিয়ে দীর্ঘ সাত মাসের তদন্ত শেষে মামলাটি এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

