মাগুরার বহুল আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ চূড়ান্ত রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার (৩১ আগস্ট) এই রায় প্রদান করবেন।
এর আগে গত ২৪ আগস্ট মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। শুনানিতে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক অংশ নেন। মূলত গত ২৫ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে আজকের জন্য নির্ধারণ করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ মার্চ রমজানের ছুটিতে মাগুরার সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। অভিযোগ রয়েছে, শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে গত বছরের ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়। মাত্র ১৩ কার্যদিবসে সাক্ষ্যগ্রহণসহ বিচারিক কার্যক্রম সম্পন্ন করে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গত বছরের ১৭ মে ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। মামলার অপর তিন আসামি সজীব শেখ, তার ছোট ভাই এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস প্রদান করা হয়।
ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির রায় কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। সেই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই মামলাটি উচ্চ আদালতে আসে এবং পেপারবুক তৈরির পর শুনানির জন্য বিশেষায়িত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। আজ হাইকোর্টের রায়ের মাধ্যমেই হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, তা চূড়ান্তভাবে জানা যাবে।
২০২৫ সালের ১৩ এপ্রিল মামলাটির অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় এবং ২৭ এপ্রিল শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

