দেড় কোটি টাকা আত্মসাৎ: ভান্ডারিয়ার প্রধান শিক্ষককে শোকজ

পিরোজপুরের ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মজিবুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, সরকারি রাজস্ব ফাঁকি, ক্ষমতার অপব্যবহার ও পেশাগত অসদাচরণসহ মোট ২৪টি গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং বিধি মোতাবেক পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসিবুল হাসান গত ১৩ সেপ্টেম্বর (রোববার) এই শোকজ নোটিশটি জারি করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল-এর 'বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি' প্রবিধানমালা-২০২৪-এর ৫৩(২) বিধির আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নোটিশে উল্লিখিত অভিযোগগুলোর মধ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে একক স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালনা এবং জানুয়ারি ২০২৪ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত প্রায় ৭৯ লাখ ৪ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ৩৯ লাখ ৯৭ হাজার ৭৫৪ টাকা উত্তোলন এবং ২৪ লাখ ৬ হাজার ৫৭৬ টাকার হিসাব মেলাতে না পারার বিষয়ও উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, সরকারি পিবিজিএসআই স্কিমের ৫ লাখ টাকা নিয়মবহির্ভূতভাবে ব্যয় না করে ফেরত প্রদানের মাধ্যমে ২০ জন সুবিধাবঞ্চিত ছাত্রী, ৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রী এবং বিদ্যালয়ের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গত আড়াই বছরে উৎসে ভ্যাট ও আয়কর কর্তন না করে প্রায় ১২ লাখ টাকার রাজস্ব ফাঁকি এবং স্ট্যাম্প আইন অমান্য করে লেনদেনের অভিযোগও আনা হয়েছে।

তালিকায় থাকা অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে টাকার বিনিময়ে অতিরিক্ত ছাত্রী ভর্তি, উপবৃত্তির টাকা আত্মসাৎ এবং পরিচালনা কমিটির অনুমতি ছাড়া স্কুলের বেঞ্চ ও টেবিল মাত্র ১ হাজার ৫০০ টাকায় বাইরে বিক্রি করা। এছাড়া সহকারী শিক্ষক মোসা. সেলিনা আক্তারের প্রতি অশালীন মন্তব্য এবং সভাপতির অনুমোদন ছাড়া সহকারী প্রধান শিক্ষককে বহিষ্কার ও শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ রাখার মতো বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪-এর বিধি ৫১(ক) থেকে ৫১(ঙ) এবং আর্থিক স্বচ্ছতা নীতিমালা-২০২৬ অনুযায়ী এসব অপরাধকে অদক্ষতা, পেশাগত অসদাচরণ, দুর্নীতি ও নৈতিক স্খলন হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রধান শিক্ষককে ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে এবং কেন তাকে বরখাস্ত করা হবে না, তার কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, বিদ্যালয়ের আট শিক্ষকের বেতন-ভাতা বন্ধসহ নানা অনিয়মের প্রতিবাদে শিক্ষকরা প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করে দিয়েছেন এবং দরজা পেরেক মেরে আটকে রেখেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক গত ৮ সেপ্টেম্বর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। ইউএনও মো. হাসিবুল হাসান সরেজমিন পরিদর্শন ও তদন্তের মাধ্যমে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন।