৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

দেশের ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের এই আদেশের ফলে বর্তমানে দায়িত্ব পালনরত ৬ প্রশাসক তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ৬টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৪ মার্চ সুপ্রিম কোর্টের ৬ জন আইনজীবী—মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাঈল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ ও সাইফুল্লাহ খালেদ—হাইকোর্টে রিট পিটিশন (৩১৪৪/২০২৬) দায়ের করেন। রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব এবং ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিবাদী করা হয়।

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, রিট আবেদনকারীরা যুক্তি দেখিয়েছিলেন যে, সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের জন্য যে বিশেষ পরিস্থিতির প্রয়োজন হয়, তা বর্তমানে বিদ্যমান নেই। ফলে এই নিয়োগ প্রক্রিয়াটি অবৈধ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী আদালতে যুক্তি দেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের পর নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে এবং নিযুক্ত প্রশাসকরা বর্তমানে দৃশ্যমানভাবে ভালো কাজ করছেন। সরকার পরবর্তী নির্বাচন পর্যন্ত আইনসিদ্ধভাবেই প্রশাসক নিয়োগের ক্ষমতা রাখে। বিশেষ পরিস্থিতি বহাল থাকার বিষয়টি সরকারের বিবেচনার বিষয় বলে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, রিটকারীদের মূল পয়েন্টটি আদালত গ্রহণ করেননি। হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিট আবেদনটিকে অপরিপক্ব বা ‘প্রিম্যাচিউর’ বলে অভিহিত করে তা সরাসরি খারিজ করে দিয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. গোলাম কিবরিয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।