ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি জানান, মশার লার্ভার উৎস ধ্বংস করার পাশাপাশি মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা বাড়াতে গবেষণা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে।
রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটির জরুরি সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় মশা নিয়ন্ত্রণে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সীমিত সম্পদের মধ্যেই সিটি করপোরেশনগুলো সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি মশার লার্ভা জন্মানোর উৎসগুলো দ্রুত চিহ্নিত করে সেখানে পানি জমতে না দেওয়ার ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
মশা নিধনের ওষুধের কার্যকারিতা পর্যালোচনায় জাপানসহ বিভিন্ন উন্নত দেশের সহায়তা নেওয়া হচ্ছে বলে সভায় জানানো হয়। এ কাজে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরও সম্পৃক্ত করা হয়েছে। মন্ত্রী বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কারিগরি সক্ষমতা বাড়ানোকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি তথ্য দেন যে, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে সিটি করপোরেশনগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ওষুধ ছিটানো এবং সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাড়ির ভেতর, ছাদ, বারান্দা এবং আশপাশের পরিত্যক্ত টায়ার বা প্লাস্টিকের পাত্রের মতো যেসব স্থানে পানি জমতে পারে, তা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সভায় স্থানীয় সরকার বিভাগ ও স্বাস্থ্য বিভাগের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ১৩টি সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার বাইরের ১১টি সিটি করপোরেশনের কর্মকর্তারা ভার্চ্যুয়ালি এই সভায় যুক্ত ছিলেন।

