দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষি খাতে সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে সরকার নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার ইউরিয়া সার কারখানা, চট্টগ্রামে বছরে ৪ লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার টিএসপি সার কারখানা এবং নরসিংদীর পলাশে বছরে ২৪ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতার ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) কারখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়বে এবং আমদানি নির্ভরতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। সংস্থাটি আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে সার উৎপাদন ২৭ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্তমানে বিসিআইসির অধীনে পাঁচটি ইউরিয়া ও দুটি নন-ইউরিয়া সার কারখানা রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশে ইউরিয়া সারের চাহিদা ছিল ২৬ লাখ মেট্রিক টন, যার বিপরীতে সংস্থাটি উৎপাদন করেছে ১১ লাখ ৭৩২ দশমিক ৫০ মেট্রিক টন, যা মোট চাহিদার ৪২ দশমিক ৩৪ শতাংশ। একই সময়ে টিএসপি ও ডিএপি সারের চাহিদার বিপরীতে দেশীয় উৎপাদন ছিল যথাক্রমে ৬৮ হাজার ২৫৯ ও ৮২ হাজার ১৪২ মেট্রিক টন, যা মোট চাহিদার ৯.১০ শতাংশ ও ৫.৫৩ শতাংশ। অর্থাৎ চাহিদার অধিকাংশই পূরণ করা হচ্ছে আমদানির মাধ্যমে।

সরকার ইউরিয়া সারে প্রতি মেট্রিক টনে ২৩ হাজার টাকা, টিএসপি সারে ৪৯ হাজার ১৭০ টাকা এবং ডিএপি সারে ৯৮ হাজার ৮৪০ টাকা ভর্তুকি দিচ্ছে। এই আর্থিক বিষয়গুলো বিবেচনা করেই নতুন কারখানা স্থাপনের পাশাপাশি বিদ্যমান কারখানাগুলোর আধুনিকায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভোলায় প্রস্তাবিত ইউরিয়া সার কারখানাটি চালুর জন্য দৈনিক ৪৫ থেকে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হবে, তাই প্রকল্পটির সফল বাস্তবায়নে গ্যাস সরবরাহ নিশ্চিত করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিসিআইসি। বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা জানান, ভোলায় প্রস্তাবিত কারখানাটি উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তবে এর জন্য কারিগরি প্রস্তুতি ও অর্থায়ন নিশ্চিত করা জরুরি।

অন্যদিকে, চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় টিএসপিসিএল কমপ্লেক্সের অব্যবহৃত জমিতে নতুন টিএসপি কারখানা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে কাঁচামালের সংকট ও প্ল্যান্টের যান্ত্রিক সমস্যার কারণে বিদ্যমান টিএসপি কমপ্লেক্সে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে টিএসপি উৎপাদন সক্ষমতা বাড়বে এবং দেশের সার সরবরাহে দেশীয় উৎপাদনের অবদান বৃদ্ধির সুযোগ তৈরি হবে। এছাড়া নরসিংদীর পলাশে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসির অব্যবহৃত জায়গায় ইউএফ-৮৫ কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে।

নতুন এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নির্মাণ ও উৎপাদন পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও দক্ষ কর্মীর পাশাপাশি পরিবহন, সরবরাহ, রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সেবা খাতে পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা জানিয়েছেন, নতুন কারখানা স্থাপনের ফলে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি হবে, তবে কতজনের কর্মসংস্থান হবে তা প্রকল্পের চূড়ান্ত নকশা ও জনবল কাঠামো নির্ধারণের পরই বলা সম্ভব হবে।