জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান এবং আমদানিনির্ভরতার ফলে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সরকার একটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আগের ফ্যাসিস্ট সরকারের সময় গৃহীত পরিকল্পনার কারণে জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি কূপ খনন বা ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ইতিমধ্যে ৩০টি কূপ খনন সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে ১৪০ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। চলমান সাতটি কূপ খনন শেষ হলে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস পাওয়া যাবে এবং অবশিষ্ট কূপগুলোর জন্য পর্যায়ক্রমে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে।

গ্যাস অনুসন্ধানের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি সিসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গ কিলোমিটার ৩ডি সিসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লি. (বাপেক্স)-কে শক্তিশালী করতে নতুন দুটি রিগ কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া অফশোর মডেল পিএসসি ২০২৬ অনুমোদনের পর বিড আহ্বান করা হয়েছে এবং অনশোর মডেল পিএসসি অনুমোদনের অপেক্ষায় আছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলএনজি অবকাঠামো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবজোমে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, ২০২৮ সালের ডিসেম্বরে ওই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সম্ভব হবে। আগামী দুই বছরের মধ্যে এলএনজি আমদানি ৬০০ এমএমসিএফডি বৃদ্ধি পাবে। পাশাপাশি পায়রা, মোংলা বন্দর বা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে জরুরি ভিত্তিতে আরও এক-দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সেলিনা সুলতানার (৩৩৫ মহিলা আসন-৩৫) এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ২ বছরের মধ্যে এলএনজি আমদানি আরো ৬০০ এমএমসিএফডি বৃদ্ধি পাবে। এছাড়া পায়রা বা মোংলা বন্দর এলাকা অথবা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র উপকূলে জরুরি ভিত্তিতে নতুন ২-১টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন হলে সামগ্রিকভাবে দেশে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাবে।’