দেশের সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। বিগত সরকারগুলোর ব্যর্থতার ধারাবাহিকতায় নিত্যপণ্যের অগ্নিমূল্যে পুড়ছে সাধারণ মানুষ। এর মধ্যে কয়েক দফা বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে চাপ আরও বেড়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে জনসাধারণের জীবনযাত্রার ব্যয়ের ওপর। ফলে অনেকের সংসারে মাস চালানোর বাজেট এখন সপ্তাহেই শেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০-১৪২ শতাংশ বাড়িয়েছে সরকার। সংগত কারণে প্রশ্ন উঠেছে-তাহলে বেসরকারি চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষের বেতন বা আয় বাড়াবে কে। বাস্তবিক অর্থে এ প্রশ্নের উত্তর যখন মিলছে না, তখন ভুক্তভোগীদের মধ্যে স্বাভাবিকভাবে ক্ষোভ-হতাশা তৈরি হয়েছে। দেশের প্রায় ১৮ কোটি মানুষের মধ্যে সরকারি সুবিধার আওতায় রয়েছেন মাত্র ১৪ লাখ চাকরিজীবী। ফলে এই বেতন বৃদ্ধির ইতিবাচক সুফল একটি ক্ষুদ্র অংশের কাছে পৌঁছালেও, এর নেতিবাচক প্রভাব বা মূল্যস্ফীতির বোঝা পুরো ১৮ কোটি মানুষের কাঁধে এসে পড়ছে। বাজার অর্থনীতিতে ক্রেতার আর্থিক সামর্থ্য নির্বিশেষে সবাইকে একই চড়া মূল্যে পণ্য কিনতে হয়, যা নিম্ন আয় ও বেসরকারি চাকরিজীবীদের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে।
অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর সতর্ক করে বলেছেন যে, নবম পে-স্কেল পুরোপুরি বাস্তবায়িত হলে মূল্যস্ফীতি, বৈষম্য এবং দারিদ্র্যের মতো আর্থসামাজিক ঝুঁকি আরও বাড়তে পারে। সরকারের উচিত এই চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ পরিকল্পনা গ্রহণ করা। এদিকে, বাজারে নিত্যপণ্যের উত্তাপ বেড়েই চলেছে। মঙ্গলবার রাজধানীর বাজারগুলোতে সরু চাল ৮৫-৯০ টাকা, ব্রয়লার মুরগি ২০০ টাকা এবং ডিমের ডজন ১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া চিনি ১২০ টাকা, মসুর ডাল ১৫০-১৬০ টাকা এবং ভোজ্যতেল ২০০ টাকা লিটারে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে, যা তাদের জীবনযাত্রার বাজেটকে অকার্যকর করে দিচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। এই মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষকে নিয়মিত ব্যয় কাটছাঁট করতে হচ্ছে। মূল্যস্ফীতি ৮ দশমিক ৩২ শতাংশের অর্থ হলো-২০২৫ সালের জুলাই মাসে যে পণ্য কিনতে ১০০ টাকা ব্যয় করতে হয়েছে, সেই একই পণ্য ২০২৬ সালের জুলাই মাসে কিনতে ব্যয় হয়েছে ১০৮ টাকা ৩২ পয়সা। নতুন বেতন কাঠামো অনুযায়ী, প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত ১০০ শতাংশ এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই বেতন বৃদ্ধি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে কার্যকর করা হবে এবং ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হবে।
বাজারে আসা সাধারণ ক্রেতারা তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন। মালিবাগ বাজারের বেসরকারি চাকরিজীবী মো. জাহিদুল ইসলাম জানান, ৩৬ হাজার টাকা বেতনে পাঁচ সদস্যের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। একইভাবে কাওরান বাজারের মো. নোমান জানান, গত ছয় বছরে আয় না বাড়লেও সব ধরনের ব্যয় বেড়ে যাওয়ায় তিনি পরিবার নিয়ে পুষ্টিহীনতায় ভুগছেন। বিশ্লেষকরা মনে করছেন, সরকার যদি টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ বৃদ্ধি না করে এবং বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে, তবে এই বৈষম্য আরও প্রকট হবে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এই পরিস্থিতিকে সাধারণ মানুষের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে অভিহিত করেছেন।

