গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ, কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় নতুন করে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেছেন পোশাকশ্রমিকেরা। রোববার সকাল থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালাসহ একাধিক পয়েন্টে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বিক্ষোভের একপর্যায়ে কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই পোশাকশ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।