গাজী নজরুলসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ মোট পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে মঙ্গলবার এই মামলাটি করেন। মামলার এজাহারে মারধর এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন মাসুম বিল্লাহ (৪১), মোতাসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)। এ ঘটনায় আমিনুর রহমান নামের একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) পল্লবী জোনের এসআই রাকিবুল হুদা। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আগামী ২৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় থাকতেন এবং গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। আত্মীয়তার সূত্রে সংসদ সদস্য নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। ওবায়দুরের অভিযোগ, নজরুল ইসলামের সঙ্গে তার ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ওবায়দুর বিষয়টি টের পেয়ে তার পরিবারকে জানান এবং নজরুলকে এই সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন, যার ফলে নজরুল তার ওপর ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দেন।

এজাহারে আরও দাবি করা হয়, সম্প্রতি মগবাজারের একটি চক্র নজরুল ইসলাম ও তার ভাগ্নির কিছু অপ্রীতিকর ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। নজরুল ইসলামের ধারণা হয় যে, ওবায়দুরই গোপন ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছেন। এই বিরোধের জের ধরে গত ১৪ই জুলাই নজরুল ইসলামের নির্দেশেই অন্য আসামিরা ওবায়দুরের ওপর হামলা চালায়।