গাজীপুরে মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় আজও মহাসড়কে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে তারা এই বিক্ষোভ শুরু করেন। এ সময় মৌচাক এলাকার পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নিলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এক পর্যায়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর এই পদক্ষেপের পর শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে সকাল ৯টার দিকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক বিক্ষোভের জেরে মালিকপক্ষ আশপাশের ৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে। তবে অন্যান্য কারখানায় সকাল ৮টা থেকে উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ, বিজিবি, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।