সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্তের স্বার্থে পুলিশ তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত তাকে কারাগারে পাঠানোর পর বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে। এরপর বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে জগলুল পাশাসহ ১১১ জন এজাহারভুক্ত আসামি এবং আরও ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তি অবস্থান নেন। অভিযোগ রয়েছে, তারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করেন এবং রাস্তা অবরোধ করে সমাবেশের পথ রুদ্ধ করেন।
পরদিন ২৯ ডিসেম্বর সকালে খালেদা জিয়া সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে বালুভর্তি ট্রাক ও বিভিন্ন যানবাহন দিয়ে রাস্তা ব্যারিকেড দেওয়া হয়। খালেদা জিয়াকে বের হওয়ার পথে বাধা দেওয়া হয় এবং নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করা হয়। এতে খালেদা জিয়াসহ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ৪ অক্টোবর গুলশান থানায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(বি) ধারায় অভিযোগ আনা হয়েছে।

