পাবনার ভাঙ্গুড়ায় বসতবাড়ির সীমানা বিরোধের জেরে দফায় দফায় সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। উপজেলার পৌর সদরের মণ্ডল মোড় এলাকায় শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সিদ্দিকের বাড়িতে দুই দফায় এই হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোবাহান প্রামাণিকের দুই ছেলে জাহাঙ্গীর ও সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে তাদের বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য অতীতে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে জাহাঙ্গীরের ছেলে আমিরুলের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিদ্দিকের বাড়িতে হামলা চালায় এবং বসতবাড়ির আংশিক ভাঙচুর করে।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার ভাঙ্গুড়া থানা পুলিশকে বিষয়টি মৌখিকভাবে অবহিত করে। দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে যায়। তবে পুলিশ চলে যাওয়ার পরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ আসার খবরে ক্ষুব্ধ হয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ৩০-৪০ জনের একটি দল পুনরায় সিদ্দিকের বাড়িতে চড়াও হয় এবং দ্বিতীয় দফায় ভাঙচুর চালায়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম জানান, বাড়িঘর ভাঙচুরের খবর পাওয়ার পর পুলিশ তিনবার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

