পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্পষ্ট করেছেন যে, কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে অন্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতি বাংলাদেশ অনুসরণ করে না। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, জাতীয় স্বার্থকে অক্ষুণ্ন রেখে বিশ্বের সকল দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করাই সরকারের মূল লক্ষ্য।
চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনীতিতে বাংলাদেশ আন্দাজের ভিত্তিতে কাজ করে না, বরং বাস্তবতার ওপর ভিত্তি করে পররাষ্ট্রনীতি পরিচালিত হয়। সোশ্যাল মিডিয়ার তথ্যের ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। তিনি আরও বলেন, কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কোনো দেশের পরিপ্রেক্ষিতে ‘জিরো-সাম গেম’ নয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কারও সঙ্গে সম্পর্ক উন্নয়ন হওয়ার অর্থ এই নয় যে অন্য কারও সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে। চীনের সঙ্গে সাম্প্রতিক সফরকে তিনি অত্যন্ত সফল হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ভারত সফরও ইতিবাচক হবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব মতবিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে।
বাংলাদেশ বহু দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে জাতীয় স্বার্থ। যেখানে বাংলাদেশের স্বার্থ থাকবে, সেখানেই দেশ এগিয়ে যাবে। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই আরও এগিয়ে নেওয়া হবে বলে উভয় পক্ষ বৈঠকে একমত হয়েছে। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

