বিশ্ব ফুটবলের ক্ষমতা ও বাণিজ্যের কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জুরিখভিত্তিক সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ বিশ্বকাপসহ প্রধান প্রতিযোগিতাগুলোর সম্প্রচার, স্পনসরশিপ এবং টিকিট বিক্রির বাণিজ্যিক অধিকার একটি নতুন কোম্পানির অধীনে নেওয়ার পরিকল্পনা করছে তারা। শুধু তা-ই নয়, এই নতুন কোম্পানির প্রায় ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিশ্ব ক্রীড়া রাজনীতি ও অর্থনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই পদক্ষেপকে ফুটবলের জন্য একটি “ঐতিহাসিক সুযোগ” হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এই বেসরকারি বিনিয়োগের মাধ্যমে আগামী চার বছরে বিশ্ব ফুটবলের উন্নয়নে ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ ব্যয় করা সম্ভব হবে। সংগৃহীত এই বিপুল অর্থ এশিয়া, আফ্রিকা, ক্যারিবীয় অঞ্চল এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছোট দেশগুলোর ফুটবলের মানোন্নয়নে ব্যবহার করা হবে। পাশাপাশি নারী ফুটবলের প্রসার, যুব একাডেমি গড়ে তোলা, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এই অর্থ ব্যয় করার পরিকল্পনা রয়েছে।
প্রথম দেখায় এই যুগান্তকারী পরিকল্পনার বিরোধিতা করা কঠিন। কারণ বিশ্বজুড়ে ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও এর উন্নয়নের সুযোগগুলো অত্যন্ত অসমভাবে বণ্টিত। ইউরোপের শীর্ষ সারির ক্লাবগুলো যেখানে প্রতি মৌসুমে শত শত মিলিয়ন ইউরো আয় করছে, সেখানে আফ্রিকা বা দক্ষিণ এশিয়ার অনেক জাতীয় ফুটবল ফেডারেশন বছরে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার মতো ন্যূনতম অর্থ জোগাড় করতেই হিমশিম খাচ্ছে। এই চরম বৈষম্যের বাস্তবতায় ফিফার নতুন এই অর্থায়নের প্রস্তাব স্বাভাবিকভাবেই অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

