সন্তানকে ১ লাখ টাকায় বিক্রির অভিযোগে বাবা আটক

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক বছর বয়সী নিজের সন্তানকে এক লাখ টাকায় বিক্রি করে সেই টাকায় আইফোন কেনার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। অভিযুক্ত বাবার নাম মো. মারুফ মুন্সি। গত শনিবার উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী গ্রামে এই ঘটনাটি ঘটে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মারুফকে আটক করেছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, মারুফ ঢাকা থেকে সন্ধ্যায় নিজ বাড়িতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তাকে আটক করে বর্তমানে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মারুফ মুন্সির সঙ্গে তার স্ত্রী বৃষ্টি আক্তারের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের কারণে তাদের এক বছর বয়সী ছেলে মুসা দাদা মফিজ মুন্সি ও দাদি মাহফুজা বেগমের কাছে বড় হচ্ছিল।

ঘটনার দিন শনিবার মারুফ ঢাকা থেকে বাড়িতে এসে তার বাবা-মায়ের কাছ থেকে শিশু মুসাকে নিয়ে যান। এরপর থেকে শিশুটিকে নিয়ে তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজনরা জানতে পারেন, মারুফ উপজেলার গয়নাঘাট গ্রামের ইমরান হোসেন নামে এক ব্যক্তির কাছে এক লাখ টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দিয়েছেন। স্বজনদের অভিযোগ, এই টাকা দিয়ে মারুফ একটি আইফোন কিনেছেন।

শিশুটিকে নিজের কাছে নেওয়ার বিষয়ে ইমরান হোসেন বলেন, মারুফ বিভিন্ন সময়ে তার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন। মারুফ তাকে জানিয়েছিলেন যে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের কারণে তার পক্ষে সন্তান লালন-পালন করা সম্ভব নয়, তাই তিনি শিশুটিকে লালন-পালনের জন্য ইমরানকে দিয়েছেন।

শিশুটির দাদি মাহফুজা বেগম জানান, তিনি তার নাতিকে ফেরত চান এবং নিজের ছেলের বিচার দাবি করেছেন। শিশুটির দাদা মফিজ মুন্সিও একই দাবি জানিয়ে তার ছেলে মারুফ ও ইমরান হোসেনের বিচার চেয়েছেন। ওসি মো. আতিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে, শিশু মুসাকে উদ্ধার করে তার দাদা-দাদির কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানিয়েছিলেন, পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছিল। তবে অভিযুক্ত মারুফ মুন্সির বক্তব্য পাওয়া যায়নি।