ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত নুরুল হক ঈশ্বরগঞ্জ উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২০ আগস্ট ভোররাতে নিজ বসতঘরের বারান্দার কক্ষে ঘুমন্ত অবস্থায় থাকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন নুরুল হক। ঘটনার পর ভুক্তভোগী ও তার মাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী তার সৎ মাকে বিষয়টি খুলে বললে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে তিনি ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, অভিযোগ পাওয়ার পর নুরুল হককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় একটি দস্যুতা মামলার গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

