ধর্ম ও বিশ্বাস: বিশ্বাসহীন সমর্পণ কি আদৌ সম্ভব?

স্নেহাস্পদ এক ছাত্রের পাঠানো একটি বয়ান শুনে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের (১৮৬৩-১৯১৩) বিখ্যাত কবিতা ‘নতুন কিছু করো’র শুরুর দিকের পঙ্‌ক্তিগুলো মনে পড়ে গেল। কলিকালে নতুন অনেক কিছু দেখার ও শোনার সুযোগ হচ্ছে, যার মধ্যে একটি হলো—‘ধর্মে বিশ্বাস বলে কিছু নেই!’ এমন অদ্ভুত ও ভয়াবহ ভ্রান্ত ধারণা নিয়ে একজন মার্কসবাদী চিন্তাবিদ ও বাউল ধর্মগুরু হিসেবে পরিচিত ব্যক্তির ইউটিউব উপস্থাপনাটি আমি মনোযোগ দিয়ে শুনেছি। যদিও আমি নিজে মার্কসবাদী নই, তবু তার সামাজিক অধিকারবোধের প্রতি শ্রদ্ধাশীল হয়েই এটি শুনেছি। তবে এমন বিভ্রান্তিকর বক্তব্যের যথাসময়ে সংশোধনী প্রয়োজন বলেই আমি কলম ধরেছি।

ধর্মের মৌলিক ভিত্তিই হলো বিশ্বাস। একে বাদ দিয়ে কোনো ধর্মই টিকে থাকতে পারে না। অনেকে বৌদ্ধধর্মে বিশ্বাসের অভাব আছে বলে দাবি করেন, কিন্তু থাইল্যান্ডে বৌদ্ধ দর্শনের একজন ‘আচার্ন’ বা ‘আচার্য’ হিসেবে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলতে পারি, দর্শন ধর্ম থেকে প্রবাহিত হলেও ধর্ম আর দর্শন এক নয়। দর্শনের ভিত্তিও কোনো না কোনো মৌলিক বিশ্বাস বা স্বতঃসিদ্ধের ওপর প্রতিষ্ঠিত, যা প্রমাণোর্ধ্ব। ইউরোপের ‘নবজাগরণ’ বা রেনেসাঁসের সময় ধর্মব্যবসায়ীদের ভণ্ডামিতে অতিষ্ঠ হয়ে অনেকে ধর্মকে বাদ দিয়ে দর্শনকে বিকল্প হিসেবে দাঁড় করাতে চেয়েছিল। তারা প্রাচীন গ্রিক, ব্যাবিলনীয় ও মিসরীয় পৌত্তলিক বিশ্বাসের দ্বারস্থ হয়েছিল, যা অনেক ক্ষেত্রে শয়তান-উপাসনামূলক জাদুবিদ্যার সাথে যুক্ত ছিল।

মস্তিষ্কবিজ্ঞান অনুযায়ী, মানুষের মস্তিষ্ক কখনোই বিশ্বাসমালা ছাড়া কার্যকর হতে পারে না। মস্তিষ্ক সবসময় দ্বিমিক বা বাইনারি পদ্ধতিতে কাজ করে, যেখানে দুটি সম্ভাবনার মধ্যে একটিকে সঠিক বিশ্বাস করে সিদ্ধান্ত নিতে হয়। কম্পিউটার যেমন ডিস্ক অপারেটিং সিস্টেম বা ডস দ্বারা পরিচালিত হয়, মানুষের মস্তিষ্কও তেমনি সচেতনতার অগোচরে নানা বিশ্বাসের সমষ্টি দ্বারা পরিচালিত হয়। ধর্ম মূলত এই বিশ্বাসমালারই নির্দেশানুগ আচার-আচরণ ও দৃষ্টিভঙ্গির সমষ্টি। তাই বৈজ্ঞানিক বিচারে ‘ধর্মে বিশ্বাস বলে কিছু নেই’—এই দাবিটি অসম্ভব ও অযৌক্তিক।

এই বিভ্রান্তির মূলে রয়েছে ভাষাগত ভুল। বক্তা ‘ঈমান’ শব্দের অর্থ ‘সমর্পণ’ বলে দাবি করেছেন, কিন্তু এর আক্ষরিক অর্থ ‘বিশ্বাস’। ‘ঈমান’-এর শব্দমূল ‘অ-ম-ন’-এর অর্থ ‘নিরাপত্তা’, সেখান থেকে নিরাপত্তাজনিত ‘শান্তি’, আর সেখান থেকে নিরাপত্তা ও শান্তির ভিত্তি, তথা ‘বিশ্বাসযোগ্যতা’। অন্যদিকে ‘ইসলাম’ শব্দের অর্থ হলো ‘সমর্পণ’। কোরআন ও হাদিস অনুযায়ী ধর্মের তিনটি বলয় রয়েছে—ইসলাম (সমর্পণ), ঈমান (বিশ্বাস) এবং ইহসান (সুন্দরায়ণ)। ধর্ম মানে বিশ্বাসের ভিত্তিতেই সুন্দরভাবে আত্মসমর্পণ। বক্তা ‘গায়েব’-এর ভুল অনুবাদ করে তাকে ‘অস্তিত্বহীন’ হিসেবে চালিয়ে দিয়েছেন, অথচ আরবি ‘গায়েব’ মানে পঞ্চেন্দ্রিয়ের অনুধাবনের বাইরে যা কিছু আছে, তা অস্তিত্বহীন নয়। অস্তিত্বহীনের কাছে সমর্পণ নয়, বরং পঞ্চেন্দ্রিয়াতীত সত্তায় বিশ্বাসের ভিত্তিতেই ধর্ম পালিত হয়। এই বোধোদয় ঘটলে তবেই বিভ্রান্তির মায়া থেকে মুক্তি পাওয়া সম্ভব।