ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় এডিস মশার বংশবিস্তার রোধে পরিচালিত অভিযানে ২৮টি মামলায় মোট ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মিরপুর-১০, রূপনগর, উত্তর পল্লবী, আগারগাঁও, উত্তরা, নিকুঞ্জ ও বারিধারা এলাকা থেকে এই জরিমানা আদায় করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিস দশি চাকমা, এস এম রাসেল ইসলাম নূর, শরিফুল আলম তানভীর, প্রমথ রঞ্জন ঘটক ও দেদারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালিত হয়।
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মীরা আগামী তিন মাস বিভিন্ন এলাকায় মশার প্রজননক্ষেত্র চিহ্নিতকরণ ও ধ্বংসের কাজ চালিয়ে যাবেন। এই কর্মসূচির আওতায় বাসা-বাড়িতে গিয়ে সোর্স রিডাকশন, লার্ভিসাইডিং ও ছাদ বাগান পরিদর্শন করা হবে। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, নোবালিউরন ট্যাবলেট প্রয়োগ, লিফলেট বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।

