দিল্লিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা, জারি রেড অ্যালার্ট

ভারতের রাজধানী দিল্লির আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির আশঙ্কায় শহরটিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।

জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে বাইরে বের হওয়া দর্শনার্থীরা হঠাৎ এই প্রবল বৃষ্টির কবলে পড়েন। বৃষ্টির তীব্রতা বাড়তে থাকায় আশ্রয়ের খোঁজে অনেককে ছোটাছুটি করতে দেখা যায়।

আইএমডি-র তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত দিল্লির পালাম এলাকায় প্রায় ৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি দু-একটি স্থানে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যা কোনো কোনো সময় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।