প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়ায় মৌলিক পরিবর্তন আনতে সাংবাদিক ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের সঙ্গে সরকারের দ্বিতীয় পরামর্শ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, গণমাধ্যমকে হয়রানি করা এই আইনের উদ্দেশ্য নয়। তিনি বলেন, "মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, চাইও না এবং কোনো সাংবাদিক এটার শিকার হোক— সেটাও আমরা চাই না।"
এর আগে সভায় অংশ নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্ব ও সম্পাদকরা প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং খসড়ায় ব্যাপক সংশোধনী আনার দাবি জানান। অপপ্রয়োগের আশঙ্কা প্রকাশ করে তারা সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। বিশেষ করে খসড়া আইনে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিকদের বিচার ও গ্রেফতারের বিধান রাখার তীব্র বিরোধিতা করেন তারা। নোয়াব (নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)-এর সভাপতি ও দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সতর্ক করে বলেন, "সংশোধনী ছাড়া যদি এই আইন পাস হয়, তাহলে বাংলাদেশ বৃহৎ কারাগারে পরিণত হবে।"
সভায় নিজের আশঙ্কার কথা তুলে ধরে মতিউর রহমান চৌধুরী বলেন, "আমরা যে এই আইনের ভিকটিম হবো না—তার গ্যারান্টি কী।" করোনাকালের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, কোভিডের সময় তাকে ছয়বার আদালতে যেতে হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত দিয়ে সাংবাদিকদের বিচার ও গ্রেফতারের ধারাটি বাতিলের জোর দাবি জানিয়ে তিনি বলেন, এই ধারাটি বহাল থাকলে এটি একটি জঘন্য কালো আইনে পরিণত হবে।
ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামও খসড়া আইনটি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, এই আইনে মোবাইল কোর্টের বিধান কীভাবে যুক্ত হলো। মাহফুজ আনাম বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছ থেকে যে মূল্যবোধ প্রত্যাশা করা হয়, এই খসড়ায় তার প্রতিফলন নেই। সরকার নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো আইন তৈরি করছে উল্লেখ করে তিনি এর তীব্র বিরোধিতা করেন। তবে একই সঙ্গে পর্যালোচনা কমিটির প্রস্তাব মেনে নিয়ে খসড়ায় মৌলিক পরিবর্তন আনার বিষয়ে একমত হওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।
সভায় সিদ্ধান্ত হয় যে, গঠিত পর্যালোচনা কমিটি আগামী ১৫ দিনের মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেবে। এই কমিটিতে সম্পাদক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা থাকবেন, যাতে আইনের কারণে গণমাধ্যম কোনো ধরনের হয়রানির শিকার না হয়। তবে কমিটির সদস্য সংখ্যা ও কারা এতে অন্তর্ভুক্ত হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ এই কমিটির ফোকাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সম্পাদক পরিষদ, অ্যাটকো এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কমিটি গঠন ও বৈঠক ডাকার ব্যবস্থা করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কেবিনেটে খসড়া বিলটি আলোচনার পর সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও আইটি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে এটি কোনো নিপীড়নমূলক আইনে পরিণত না হয়। তিনি বলেন, সর্বস্তরের মানুষের মতামত নেওয়ার জন্য খসড়াটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল, যেখানে মানবাধিকার সংস্থা, শিক্ষার্থীসহ অনেকে মতামত দিয়েছেন। সাংবাদিকদের আশ্বস্ত করে তিনি বলেন, অনলাইন, প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার কোনো সাংবাদিক যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নেওয়ার একটি প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি আপিল নিষ্পত্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের কথাও বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পর্যালোচনা কমিটির সুপারিশের পর খসড়াটি আবারও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরামর্শ সভায় আরও বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, অ্যাটকো-এর মহাসচিব ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, আমার দেশের-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, ইন্ডিপেনডেন্ট টিভির সিইও মোস্তফা আকমল, সিনিয়র সাংবাদিক শারমিন রিনভী এবং গণমাধ্যম ব্যক্তিত্ব অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ প্রমুখ।
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়ায় আরও সংশোধনী আনার পরামর্শ দিয়েছেন সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। অপপ্রয়োগের আশঙ্কা করে তারা আইনটি সংশোধনের ক্ষেত্রে গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। খসড়া আইনে মোবাইল কোর্টের বিধান রাখারও বিরোধিতা পৃষ্ঠা ৮ কলাম ১করেছেন সম্পাদক ও সাংবাদিক নেতারা।
আলোচনা সভায় মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, আমরা যে এই আইনের ভিকটিম হবো না—তার গ্যারান্টি কী। কোভিডের সময় আমাকে ৬ বার আদালতে যেতে হয়েছে। এই আইনের বিষয়ে আমার কনসার্ন হলো—ভ্রাম্যমাণ আদালত দিয়ে সাংবাদিকদের বিচার ও অ্যারেস্ট করাবেন না। এই ধারা বাতিল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধারা থাকলে এটা জঘন্য ক

