ইসলামের অন্যতম প্রধান মূলনীতি হলো মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন অটুট রাখা এবং শত্রুতা বা বিদ্বেষের সকল উপাদান দূর করা। কিন্তু এই মহান আদর্শকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে চোগলখুরি বা নামিমা নামক এক ঘৃণ্য অভ্যাস। শরিয়তের পরিভাষায়, মানুষের মধ্যে কথা লাগিয়ে দিয়ে ফেতনা, শত্রুতা ও বিদ্বেষ ছড়ানোই হলো চোগলখুরি। এটি সমাজে বিভেদ সৃষ্টি করে এবং অগণিত সম্পর্কের অবনতি ও কলহের জন্ম দেয়।
কোরআন ও হাদিসে এই অভ্যাসকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং ইসলামি পণ্ডিতগণ একে কবিরা গুনাহ বা মারাত্মক অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘আর অনুসরণ করো না তার, যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত, পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায়। যে কল্যাণের কাজে বাধা দান করে, যে সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ।’ (সুরা কালাম : ১০-১২)। এছাড়া মহানবী (সা.) স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, ‘চোগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।’ (বোখারি : ৬০৫৬; মুসলিম : ১৯১)।
আলেমদের মতে, ‘নাম্মাম’ হলো কারও কথা শুনে অন্যের কাছে লাগানো যাতে বিভেদ তৈরি হয়, আর ‘কাত্তাত’ হলো গোপনে কারও কথোপকথন শুনে তা অন্যের কাছে ছড়িয়ে দেওয়া। চোগলখুরি অনেকগুলো হারাম ও ধ্বংসাত্মক পাপের সমষ্টি। যদি চোগলখোর সত্য কথা বলে, তবে সে বিশ্বাসঘাতকতা করে; আর মিথ্যা বললে সে স্পষ্ট মিথ্যাবাদী ও বড় অপরাধী হিসেবে গণ্য হয়। মহানবী (সা.) একে নিকৃষ্টতম কাজ হিসেবে উল্লেখ করেছেন, কারণ এটি নির্দোষ মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে এবং শান্তি ও সম্প্রীতি ধ্বংস করে। চোগলখুরির সাথে প্রায়শই গিবতের মতো বড় কবিরা গুনাহ যুক্ত থাকে, যা একে আরও ভয়াবহ করে তোলে।
চোগলখুরির পরিণাম সম্পর্কে মহানবী (সা.) কবরের আজাবের উদাহরণ দিয়ে সতর্ক করেছেন। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, এদের আজাব দেওয়া হচ্ছে, তবে বড় কোনো অপরাধের জন্য নয়; তাদের একজন প্রস্রাব থেকে সতর্ক থাকত না এবং অপরজন চোগলখুরি করে বেড়াত (বোখারি : ২১৮)।
ইসলামি স্কলারগণ চোগলখুরির শিকার ব্যক্তির জন্য ছয়টি করণীয় নির্ধারণ করেছেন: ১. ওই চোগলখোরের কথা বিশ্বাস করবে না। ২. তাকে এ কাজ থেকে বিরত থাকতে বলবে। ৩. তার কথার সত্যতা যাচাই করা। ৪. যার সম্পর্কে বলা হয়েছে তার প্রতি খারাপ ধারণা পোষণ না করা। ৫. ওই কথার কারণে কাউকে অনুসন্ধান বা গোয়েন্দাগিরির মাধ্যমে খোঁজ করবে না। ৬. নিজেও ওই লাগানো কথা অন্যদের মাঝে ছড়াবে না। বরং আল্লাহর সাহায্য চেয়ে, শুধু তার সন্তুষ্টির উদ্দেশ্যে এগুলো এড়িয়ে চলবে। এ রকম ধৈর্যশীল, বিচক্ষণ ও বুঝদার লোকদের আচরণ আমরা সালাফদের মাঝে দেখতে পাই। এক ব্যক্তি খালিদ ইবনে ওয়ালিদ (রা.)-এর কাছে গিয়ে বলল, ‘অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে।’ তিনি বললেন, ‘ওটা তো তার নিজের আমল, সে যা করেছে তা তার আমলনামায় জমা হয়েছে, আমি চাই না আমার আমলনামায় কারো গিবত বা চোগলখুরি যুক্ত হোক।’ ১৮. পরিশেষে, জিহ্বার হেফাজত করাই সাফল্যের চাবিকাঠি। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ওপর ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।’ (বোখারি : ৬০১৮)।

