বাংলাদেশে ৫০ কোটি ডলার বিনিয়োগে এক লাখ কর্মসংস্থান হবে: চীনা রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে (সিইআইজেড) প্রায় ৩০টি চীনা কোম্পানি ৫০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এই বড় অঙ্কের বিনিয়োগের ফলে স্থানীয় পর্যায়ে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এসব তথ্য তুলে ধরেন। এ সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অগ্রগতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রীর সফরের অংশ হিসেবে সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন, মোংলা বন্দর আধুনিকায়নে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর এবং মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠায় সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। রাষ্ট্রপতি এ সময় মত প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের বিদ্যমান সুসম্পর্ককে আরও বিস্তৃত ও সুগম করবে।

উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ এবং প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ চালুর উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল, আম ও পেয়ারা রপ্তানি শুরু, সৌরশক্তি ও বৈদ্যুতিক যানবাহন সংযোজন কারখানা স্থাপন, চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোর এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত এপ্রিল মাসে রাষ্ট্রপতির চীন সফরের স্মৃতিও রোমন্থন করেন। সেই সফরে আইডিসিপিসির মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ এবং তার বাবা লিউ শু ছিংয়ের মাধ্যমে ১৯৮০ সালের আগস্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশের বিরল আলোকচিত্র ও ভিডিও হস্তান্তরের বিষয়টি স্মরণ করে তিনি ধন্যবাদ জানান।