চীন-জাপানের দ্বৈরথ ও মেগা প্রকল্পে বাংলাদেশের ঋণের ঝুঁকি

এশিয়ার শীর্ষ অর্থনীতি ও সামরিক শক্তির দুই দেশ চীন এবং জাপানের মধ্যে ঐতিহাসিক, ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। ঐতিহাসিকভাবে দীর্ঘ সময় অর্থনৈতিক দিক থেকে এশিয়ায় জাপান এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে চীনের অভাবনীয় অর্থনৈতিক ও সামরিক বিস্তার জাপানের প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দুই দেশের এই প্রতিযোগিতা কেবল সীমান্ত কিংবা দ্বিপাক্ষিক বাণিজ্যে সীমাবদ্ধ নেই, বরং এশিয়ায় ভবিষ্যতের ভূরাজনৈতিক কর্তৃত্ব ও বৈশ্বিক প্রভাবে কে এগিয়ে থাকবে—তা নির্ধারণের এক সুদূরপ্রসারী লড়াইয়ে রূপ নিয়েছে।

বাংলাদেশের প্রেক্ষাপটে এই দুই শক্তির প্রতিদ্বন্দ্বিতা বেশ জটিল আকার ধারণ করেছে। একদিকে বাংলাদেশে প্রভাব বিস্তারে ভারতের সবচেয়ে বড় আঞ্চলিক মিত্র হলো জাপান। অন্যদিকে অবকাঠামোগত ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ঐতিহাসিকভাবে চীনের ওপর বেশ নির্ভর করে আসছে। বাংলাদেশের সমরাস্ত্র খাতের একটি বড় অংশ চীনের সরবরাহনির্ভর হওয়ায় স্বাভাবিকভাবেই চীনকে ঢাকার অন্যতম কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করা হয়। আবার বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে চীন ও জাপান—উভয় দেশই সরাসরি যুক্ত থাকায় তাদের এই সুপ্ত প্রতিযোগিতা এখানেও দৃশ্যমান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া হয়ে চীন সফর করেন। জুন মাসে অনুষ্ঠিত ওই সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতাসহ মোট ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছিল। এই সফরের সময় মূলত দুটি বিষয়ের দিকে বিশেষ নজর ছিল। একটি হলো ‘চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর’ এবং অপরটি বাংলাদেশের বহুল আলোচিত তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প।

চীন সরকারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ হিসেবে প্রস্তাবিত এই অর্থনৈতিক করিডোরটি চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের কক্সবাজার পর্যন্ত বিস্তৃত। ২০১৬ সালে বাংলাদেশ এই বিআরআই জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছিল, যার লক্ষ্য ছিল এশিয়া, আফ্রিকা ও ইউরোপের দেশগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি করা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক যোগাযোগের স্বার্থে এই অর্থনৈতিক করিডোরের উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে এই করিডোরের সঙ্গে ভূকৌশলগত নানা সংবেদনশীল বিষয় জড়িয়ে থাকায় প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ কতটা দ্রুত অগ্রসর হতে পারবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

একই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহযোগিতা চাইলে চীনের পানিসম্পদমন্ত্রী তাতে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। এর আগে ২০২৫ সালে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময় তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। সে সময় চীনের পানাবিশেষজ্ঞরা বাংলাদেশে এসে প্রকল্পটির একটি প্রাথমিক রূপরেখাও প্রস্তুত করেন। পরে নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে বড় জনসমাবেশ করে তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে নির্বাচনের পর প্রকল্পটিতে চীনের অংশগ্রহণ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রও এতে কারিগরি সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে। স্বাভাবিকভাবেই ভারতও চাইবে না তিস্তা প্রকল্পে চীনের সরাসরি উপস্থিতি থাকুক। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে তিস্তা প্রকল্প বাস্তবায়নের কথা বলা হচ্ছে। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নিজস্ব তহবিলে এত বড় প্রকল্প শেষ পর্যন্ত বাস্তবায়ন সম্ভব হবে নাকি তা হিমাগারে চলে যাবে, সে প্রশ্ন রয়েই যায়।

চীন সফরের ঠিক চার মাসের মাথায় প্রধানমন্ত্রী জাপান সফর সম্পন্ন করেন। এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, ব্যবসায়িক পরিবেশ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, উপকূলীয় নিরাপত্তা, জলবায়ু এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে মোট ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। সফর ঘিরে বাংলাদেশের গণমাধ্যমে জাপান থেকে আগামী পাঁচ বছরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট ব্যাখ্যা দিয়ে জানান, এটি মূলত বেসরকারি খাতের সম্ভাবনার বিষয় নির্দেশ করে এবং এতে সরাসরি সরকারি ঋণ বা অর্থায়নের কোনো প্রতিশ্রুতি নেই। রাজনৈতিক স্থিতিশীলতা ও উপযুক্ত পরিবেশ থাকলে জাপানি উদ্যোক্তারা এ অর্থ বিনিয়োগ করতে পারেন।

জাপান সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল মাতারবাড়ী বন্দর কেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত বাংলাদেশের প্রথম এই গভীর সমুদ্রবন্দরটি মূলত জাপান সরকারের বড় অঙ্কের অর্থায়ন ও কারিগরি সহায়তায় গড়ে উঠছে। জাপান চায় মাতারবাড়ী বন্দরকে কেন্দ্র করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে একটি আঞ্চলিক যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করতে। অন্যদিকে বাংলাদেশ একসময় বঙ্গোপসাগর সংলগ্ন সোনাদিয়ায় চীনকে নিয়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা করলেও ভারতসহ নানা আন্তর্জাতিক চাপে তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। মনে রাখা প্রয়োজন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরটির মূল কেন্দ্রও বঙ্গোপসাগর।

অতীতে ট্রানজিট বা বন্দর ব্যবহারে বিশাল আয়ের চটকদার প্রতিশ্রুতি পেলেও বাংলাদেশের অভিজ্ঞতা সুখকর নয়। শেখ হাসিনার আমলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যাতায়াতের জন্য নদী ও রেলপথে ট্রানজিট সুবিধা দিয়ে মোটা অঙ্কের রাজস্ব আয়ের কথা বলা হয়েছিল। ভারতের চাহিদামতো তিতাস নদ ভরাট করে আশুগঞ্জ বন্দর ব্যবহার এবং ত্রিপুরায় বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কঠিন শর্তের ঋণ নিয়ে অবকাঠামো নির্মাণ করা হলেও সুফল মেলেনি। ২০১৬ সালের জুন থেকে চালু হওয়া ট্রানজিটে প্রতি টন পণ্যের জন্য মাশুল ধরা হয়েছিল ১৯২ টাকা, সঙ্গে নিরাপত্তা মাশুল ৫০ টাকা, ল্যান্ডিং ও শিপিং মাশুল সাড়ে ৩৪ টাকাসহ সব মিলিয়ে টনপ্রতি রাজস্ব পাওয়া যেত প্রায় ২৭৭ টাকা। ২০২০ সালের ২৩ জুলাই প্রকাশিত প্রথমা আলোর এক প্রতিবেদন অনুযায়ী, চালুর প্রথম চার বছরে বাংলাদেশ সরকারের মোট রাজস্ব আয় হয়েছিল মাত্র ৩৫ লাখ টাকা। বর্তমানে এই রুটে পণ্য পরিবহন একপ্রকার বন্ধ থাকলেও নৌপথ সচল রাখতে ড্রেজিং ও রক্ষণাবেক্ষণে বাংলাদেশকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে।

ঋণের সুদের হারের দিক থেকেও বর্তমানে পরিস্থিতির বেশ পরিবর্তন ঘটেছে। চীন বা ভারতের মতো জাপানের ঋণের সুদের হারও আগের মতো কম নেই। সুদের হারের নানা কৌশলগত পরিবর্তনের কারণে জাপানি ঋণের কার্যকর সুদের হার দাঁড়িয়েছে ৩.৫ থেকে ৪ শতাংশে। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধির কারণে ছোট ও উন্নয়নশীল দেশগুলোর জন্য এই ধরনের মেগা প্রকল্পের কিস্তি শোধ করা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশে যেমন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ ও মেট্রোরেল প্রকল্পের ক্ষেত্রে বারবার জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধির নজির দেখা গেছে।

বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে অপরিকল্পিত মেগা প্রকল্প গ্রহণ এবং বন্দর কেন্দ্রিক সুবিধার চটকদার আশ্বাসে ভারী ঋণের বোঝা তৈরি করা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। একই সঙ্গে চীন, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় প্রতিযোগিতা বা আঞ্চলিক ভূরাজনীতিতে জড়িয়ে পড়া দেশের জন্য দীর্ঘমেয়াদে বড় ধরনের অর্থনৈতিক সংকটের সৃষ্টি করতে পারে।