শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার নেপালের নিখোঁজ চন্দিকা

নেপালের ভয়াবহ বন্যায় বাড়ি ভেসে যাওয়ার পর টানা ১১ দিন নিখোঁজ ছিলেন ৬৪ বছর বয়সী চন্দিকা শ্রেষ্ঠা। দীর্ঘ এই সময়ে কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ধরে নিয়েছিল যে তিনি আর বেঁচে নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, চন্দিকার পরিবার কুশ ঘাস দিয়ে প্রতীকী মরদেহ তৈরি করে তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতাও শুরু করেছিল। তবে ১১তম দিনে সবাইকে অবাক করে দিয়ে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে চন্দিকাকে।

কাঠমান্ডুর সানো ভারিয়াংয়ে যখন তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা চলছিল, ঠিক সেই সময়ে নুয়াকোটের বেত্রাবতী বাজারের একটি বাড়ি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন উদ্ধারকারীরা। সশস্ত্র পুলিশ বাহিনীর পরিদর্শক সুমন বিকের নেতৃত্বে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

জানা যায়, নুয়াকোটের বিদুর পৌরসভা-১০-এর বাসিন্দা চন্দিকা বন্যার সময় স্বামীর সঙ্গে বাড়িতেই ছিলেন। ভোতেকোশি নদীর প্রবল স্রোতে তাদের সাড়ে চারতলা বাড়িটি উপড়ে ভেসে যায়। চন্দিকার সম্বন্ধী রমেশ মান শ্রেষ্ঠা জানান, বাড়িটি ভেসে গিয়ে ত্রিশূলী নদীর তীরে কোথাও আটকে গিয়েছিল।

রমেশ মান শ্রেষ্ঠা বলেন, ‘আমরা আট দিন ধরে খুঁজেছি। কোথাও না পেয়ে শেষ পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিলাম।’ উদ্ধার তৎপরতার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, চন্দিকার জামাই দুই-তিন দিন বেত্রাবতী ও ত্রিশূলী নদীর তীর ধরে খুঁজেছিলেন। কিন্তু ওই এলাকায় প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। আশপাশে মরদেহ পচতে শুরু করায় দুর্গন্ধ এতটাই তীব্র ছিল যে মাস্ক ছাড়া সেখানে যাওয়া সম্ভব ছিল না। এছাড়া গভীর কাদা ও জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় উদ্ধারকারীদের পৌঁছানো সম্ভব হয়নি।

অনুসন্ধান ব্যর্থ হওয়ার পর পরিবারের সদস্যরা শেষকৃত্যের সিদ্ধান্ত নেন। রমেশ বলেন, ‘আমরা কুশের মরদেহ তৈরি করে অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা করার সিদ্ধান্ত নিই।’

উদ্ধারের পর হেলিকপ্টারে করে চন্দিকাকে ত্রিশূলীর নেপাল আর্মির মাইবাল ব্যারাকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কাঠমান্ডুর ছাউনির আর্মি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে চিকিৎসকেরা পরিবারকে ধৈর্য ধরে ৭২ ঘণ্টা অপেক্ষা করতে পরামর্শ দিয়েছেন। রমেশ এখনো সরাসরি চন্দিকার সঙ্গে দেখা করতে পারেননি, হাসপাতালের বাইরে থেকে দূর থেকেই তাকে দেখার চেষ্টা করছেন। চন্দিকার নাতিও হাসপাতালে রয়েছে, যে তার নানিকে দেখে অনবরত কাঁদছে এবং ঠিকমতো খাওয়াদাওয়াও করছে না। পরিবারের আট দিনের হতাশা এবং শেষকৃত্যের প্রস্তুতি শেষে চন্দিকার ফিরে আসাকে এক বিস্ময়কর ঘটনা হিসেবে দেখছেন রমেশ। তার ভাষায়, ‘মনে হচ্ছে, সত্যিই এই পৃথিবীতে ঈশ্বর আছেন।’