নারীদের স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগের ঝুঁকি এবং প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার লক্ষ্যে একটি বিশেষ সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার, ১ অক্টোবর কুষ্টিয়ার মধুপুর এলাকার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ)-এর উদ্যোগে এই কর্মসূচিটি পালিত হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ক্যাপের সভাপতি জান্নাতুল মাওয়া ইতি। তিনি আলোচনায় ক্যান্সার সম্পর্কে প্রাথমিক ও সামগ্রিক ধারণার পাশাপাশি স্তন ক্যান্সারের লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। এছাড়া জরায়ুমুখ ক্যান্সারের কারণ, ঝুঁকিপূর্ণ বিষয়, প্রতিরোধের উপায় এবং সময়মতো স্ক্রিনিং ও চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন ক্যাপের ক্যান্সার অ্যান্ড এডুকেশন সেক্রেটারি জুবাইদা নাসরিন দোলা।
আলোচনা পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে ক্যান্সার নিয়ে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা, উদ্বেগ ও দ্বিধা দূর করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের এই উদ্যোগের সার্বিক তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন মোহনা আফরিন মুন্নী ও মারিয়া আক্তার।
ক্যাম্পেইনে উপস্থিত শিক্ষক ও তরুণীদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে তথ্যভিত্তিক সচেতনতা তৈরির পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংগঠনটির সভাপতি জান্নাতুল মাওয়া ইতি বলেন, ক্যান্সার প্রতিরোধের প্রথম ধাপই হলো সচেতনতা। বিশেষ করে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে নারীদের সঠিক ধারণা দেওয়া, ঝুঁকির বিষয়গুলো জানানো এবং সময়মতো পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করাই ক্যাপ-এর অন্যতম প্রধান উদ্দেশ্য।

