অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফলের পুরস্কার হিসেবে ১৫ বছর বয়সী ছেলের হাতে তুলে দেওয়া হলো প্রায় ১ কোটি ৬২ লাখ রুপি মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়ি। অবিশ্বাস্য এই উপহারের ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার পরাজ গ্রামে। এক ব্যবসায়ীর এই উদ্যোগকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক চর্চা চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ তালহা দীর্ঘদিন ধরেই জার্মানির বিখ্যাত ব্র্যান্ড বিএমডব্লিউর এম৪ কম্পিটিশন স্পোর্টস কুপ মডেলের গাড়িটি নিজের করার স্বপ্ন দেখে আসছিল। ছেলের এই ইচ্ছা পূরণ করতে শর্ত বেঁধে দেন তার বাবা ব্যবসায়ী শামসুদ্দিন মিদিয়া। তিনি কথা দিয়েছিলেন, অর্ধবার্ষিক পরীক্ষায় প্রত্যাশা অনুযায়ী ভালো ফল করতে পারলে গাড়িটি কিনে দেওয়া হবে। পরীক্ষার ফল প্রকাশের পর বাবার দেওয়া সেই প্রতিশ্রুতি অনুযায়ী মুম্বাইয়ের আন্ধেরির একটি শোরুম থেকে বিলাসবহুল গাড়িটি কেনা হয়।
মুম্বাই থেকে বিশেষভাবে তৈরি একটি সুরক্ষাবেষ্টিত আবদ্ধ কনটেইনারে করে গাড়িটি নিয়ে আসা হয় পশ্চিমবঙ্গের পরাজ গ্রামে। গত ৬ নভেম্বর শুক্রবার গাড়িটি গ্রামে এসে পৌঁছালে তা এক নজর দেখতে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা ভিড় জমান। এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। একদল নেটিজেন ছেলের মেধা ও পরিশ্রমের মূল্যায়নে বাবার এই ভালোবাসার প্রশংসা করছেন। তবে কিশোর বয়সে এমন এক বিপুল ক্ষমতার দামি গাড়ি উপহার দেওয়া কতটা যৌক্তিক বা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
উপহার পাওয়া বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়িটি মূলত জার্মানির বিএমডব্লিউ প্রতিষ্ঠানের অন্যতম শক্তিশালী একটি স্পোর্টস কুপ গাড়ি। এতে ৩.০ লিটারের টুইন-টার্বোচার্জড ইনলাইন ছয় সিলিন্ডারের শক্তিশালী পেট্রোল ইঞ্জিন রয়েছে, যা সর্বোচ্চ ৫৩০ বিএইচপি ক্ষমতা ও ৬৫০ নিউটন মিটার টর্ক উৎপাদনে সক্ষম।
আট গতির স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে গাড়িটিতে অল-হুইল ড্রাইভ বা 'এম এক্সড্রাইভ' প্রযুক্তি যুক্ত রয়েছে। ফলে মাত্র ৩.৫ সেকেন্ডের মধ্যে গাড়িটি শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে, আর এর সর্বোচ্চ গতিসীমা ইলেকট্রনিকভাবে ঘণ্টায় ২৫০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখা হয়েছে। বাহ্যিক নকশায় কার্বন ফাইবারের বনেট, হলুদ আইকনযুক্ত হেডলাইট, বড় কিডনি আকৃতির গ্রিল, বিশেষ আয়না-কভার এবং পেছনে ডিফিউজার ব্যবহার করা হয়েছে। এছাড়া গাড়ির অভ্যন্তরীণ সজ্জায় এম সিরিজের স্বতন্ত্র নকশার পাশাপাশি বিশেষ এম কার্বন বাকেট সিট বসানো হয়েছে।

