নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিলসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন ভাড়া সমন্বয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

দুই দফায় ভাড়া বাড়ানোর ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের কষ্ট হবে তা অস্বীকার করার উপায় নেই। তবে বৈশ্বিক জ্বালানি সংকট ও বর্তমান বাস্তবতায় রাষ্ট্রকে সমন্বয় করতে হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, সবকিছু বিবেচনা করেই যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং পরিবহন খাতের ব্যয় ও রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির বিষয়টিও এখানে আমলে নেওয়া হয়েছে।

ভাড়া কমানোর সুযোগ থাকলে ভালো লাগত জানিয়ে শেখ রবিউল আলম বলেন, জ্বালানির দাম বাড়ার প্রভাব জীবনযাত্রার ব্যয় ও পরিবহন খাতের ওপর পড়ছে, তবে সরকার চেষ্টা করেছে তা যেন যৌক্তিক পর্যায়ে থাকে। তিনি নিশ্চিত করেন যে, লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ার ফলে কিলোমিটার প্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে এবং এর চেয়ে বেশি ভাড়া নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, গতবার ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছিল এবং তা কার্যকর ছিল। এবার ১৭ পয়সা বাড়ানোর পর এর ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না। যদি কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করে, তবে তার রুট পারমিট বাতিল করা হবে, জরিমানার ব্যবস্থা করা হবে এবং তাকে জবাবদিহির আওতায় আনা হবে।

পণ্যের দাম বাড়ার আশঙ্কা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে যেন কেউ বাড়তি মুনাফা না করে এবং সাধারণ মানুষ যেন অযৌক্তিক ভোগান্তিতে না পড়ে, তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া পরিবহন খাতের ৭০ লাখেরও বেশি শ্রমিককে তিনি জনশক্তির অংশ হিসেবে উল্লেখ করে তাদের স্বার্থের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে বলে জানান।