ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল বিএনপির স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এটি মূলত দলের মনোনয়ন বোর্ডের একটি বৈঠক ছিল। ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার প্রেক্ষাপটে আগামী ২৯ অক্টোবর সেখানে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন তিনজন প্রার্থী। তারা হলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং ওবায়েদুল্লাহ মাসদু। দলীয় সূত্রে জানা গেছে, মির্জা ফয়সাল আমিনের হাতেই ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হতে পারে। রুহুল কবির রিজভী জানান, প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি পরবর্তীতে জানানো হবে।