বীরগঞ্জে অবৈধ সার মজুত: রাইস মিল ম্যানেজারকে কারাদণ্ড ও জরিমানা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় শুক্রবার সকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং থেকে বিপুল পরিমাণ সার জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দকৃত সারের মধ্যে ১ হাজার ৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি এবং ২১৬ বস্তা এমওপি সার রয়েছে। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।

আইনি প্রক্রিয়া শেষে জনতা অটো রাইস মিলের ম্যানেজার মো. কাজী ফয়সালকে ৩ মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম ও বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত এবং অনিয়মের বিরুদ্ধে এই ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।