প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ এএম
ভোলার মনপুরায় মেঘনা নদীতে এক জেলের জালে ১৪ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। তবে বরফ সংকটের কারণে ঘাটে আনার আগেই মাছটিতে কিছুটা পচন ধরে। পরে আড়তে নিলামের মাধ্যমে ৭৫০ টাকা কেজি দরে সাড়ে ১০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় মনপুরা উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে বাচ্চু চৌধুরীর আড়তে মাছটি নিয়ে আসেন জেলে খালেক মাঝি। তিনি জানান, মেঘনায় কোরাল ধরার জালে বিশাল এই মাছটি ধরা পড়েছিল। কিন্তু পর্যাপ্ত বরফ না পাওয়ায় আড়তে আনার আগেই এটি কিছুটা নষ্ট হয়ে যায়। নিলামে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী শাকিল।
শাকিল জানান, বরফ সংকটের কারণে মাছটিতে পচন ধরায় ঘাটের ১৪ জন মৎস্য ব্যবসায়ী মিলে খাওয়ার জন্য এটি ভাগ করে নিয়েছেন। বাচ্চু চৌধুরীর আড়তের ব্যবস্থাপক সুরুজিত দাসও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরফ সংকটের কারণে মাছটি নষ্ট হয়ে যাওয়ায় ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করতে হয়েছে এবং পরে ব্যবসায়ীরা তা কেটে ভাগ করে নেন।

