নারী এশিয়া কাপে মারুফা আক্তার ও সুলতানা খাতুনের দারুণ বোলিং সত্ত্বেও শেষ মুহূর্তের নাটকীয়তায় শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে আগে ব্যাট করে ১১৪ রান সংগ্রহ করেছিল টাইগ্রেসরা। জবাবে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কান নারীরা। এই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কা সেমিফাইনাল নিশ্চিত করেছে, আর বাংলাদেশের সামনে এখন শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারানোর বিকল্প নেই।
রান তাড়ায় নেমে শুরুতেই বিপদে পড়েছিল শ্রীলঙ্কা। পাওয়ার প্লের মধ্যেই তারা ৩ উইকেট হারিয়ে বসে। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়ক চামারি আত্তাপাত্তুকে সাজঘরে ফেরান মারুফা আক্তার, যেখানে স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নেন ফাহিমা খাতুন। নিজের দ্বিতীয় ওভারে এসে ইমেশা দুলানিকেও আউট করেন মারুফা। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে স্পিনার সুলতানা খাতুন ফিরিয়ে দেন সঞ্জনা কাভিনদিকে। পরের ৪ ওভারে আরও ২ উইকেট হারিয়ে ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল লঙ্কানরা। সে সময় বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল।
তবে ষষ্ঠ উইকেটে নিলাকসিকা সিলভাকে সঙ্গে নিয়ে ৩৮ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান হাশিতা সামারাবিক্রমা। ১৭তম ওভারে মারুফা আক্তার এই জুটি ভেঙে বাংলাদেশকে আবারও খেলায় ফিরিয়েছিলেন। শেষ ৩ ওভারে লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। কিন্তু ১৮তম ওভারে ১৬ রান দিয়ে বসেন রিতু মনি এবং পরের ওভারে নাহিদ আক্তার খরচ করেন ১১ রান। ফলে শেষ ওভারের দ্বিতীয় বলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে ২১ রান দিয়ে ৩টি উইকেট নেন মারুফা।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ভালো শুরুর আভাস দিলেও ইনিংসের পঞ্চম ওভারে জুয়ারিয়ারা ফেরদৌস আউট হওয়ার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগ্রেসরা। জুয়ারিয়ারা ১০ বলে ১৪ রান করে বিদায় নেন। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ বলে ২৬ রান করেন আরেক ওপেনার দিলারা আক্তার, যার ইনিংসে ছিল চারটি চারের মার।

