শক্তিশালী পাসপোর্টের সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর মধ্যবর্তী সংস্করণে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৭তম। এই তালিকায় বাংলাদেশ উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে অবস্থান করছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৫টি দেশে ভিসা ছাড়া অথবা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারবেন। যদিও গত বছর এই সংখ্যাটি ছিল ৩৭টি। ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্যের ওপর ভিত্তি করে এই সূচকটি তৈরি করা হয়েছে, যেখানে কোনো দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়া কতটি দেশে প্রবেশ করতে পারেন, সেটিকে মূল্যায়নের প্রধান মানদণ্ড হিসেবে ধরা হয়েছে।

গত বছরের তুলনায় তিন ধাপ এগিয়ে গেলেও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এখনও কিছুটা পিছিয়ে রয়েছে। এ অঞ্চলে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যারা ৫২তম অবস্থানে থেকে ৯৩টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পায়। এছাড়া ভারতের অবস্থান ৮১তম (৫৫টি গন্তব্য), ভুটান ৮৮তম (৪৭টি), মিয়ানমার ৯১তম (৪৩টি), শ্রীলঙ্কা ৯৪তম (৩৯টি), বাংলাদেশ ৯৭তম (৩৫টি), নেপাল ৯৮তম (৩৪টি) এবং পাকিস্তান ১০১তম (২৯টি গন্তব্য) অবস্থানে রয়েছে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯২টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। তালিকার দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৮টি গন্তব্যে ভ্রমণের সুযোগ পান। সুইডেন ১৮৭টি গন্তব্য নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে, তালিকার একেবারে শেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান, যার নাগরিকরা মাত্র ২২টি গন্তব্যে ভিসামুক্ত সুবিধা পান।