নেত্রকোনায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. রিপন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন এলাকার অচিন্তপুরে অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, মামলা দায়ের হওয়ার পর থেকেই রিপন মিয়া আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা দল নজরদারি অব্যাহত রাখে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তার রিপন মিয়াকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী এবং অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার বাসিন্দা। পেশায় কাঠমিস্ত্রি রিপন ২০১৬ সাল থেকে ফেসবুকে ভিডিও তৈরি করছেন এবং বিভিন্ন সংলাপের ভিডিওর মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার ফেসবুক পেজে বর্তমানে ১৯ লাখেরও বেশি অনুসারী রয়েছে। অভিযোগ রয়েছে যে, কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত রিপন কিশোরীকে কনটেন্ট তৈরির প্রলোভন দেখিয়ে ভাইরাল করে দেওয়ার কথা বলতেন।
ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ, গত ৩০ জুলাই রাতে জরুরি কথা বলার অছিলায় রিপন কিশোরীকে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় গত ৫ আগস্ট কিশোরীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

