চাঁদপুরে ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা একযোগে বদলি

চাঁদপুর জেলার আটটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত ৩১ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে (সাবেক ইউপি সচিব) জনস্বার্থে একযোগে বদলি করা হয়েছে। জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা থেকে এই বদলি ও পদায়নের অফিস আদেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. এরশাদ উদ্দিনের স্বাক্ষরে এই আদেশটি কার্যকর করা হয়।

প্রশাসনিক এই আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১০ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণ না করলে ওই দিন বিকেলেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা রিলিজ বলে গণ্য করা হবে।

চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব উত্তর, মতলব দক্ষিণ এবং কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত কর্মকর্তারা এই বদলি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আদেশের অনুলিপি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এই একযোগে বদলির ফলে ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমে একটি নতুন কর্মপরিবেশ তৈরি হবে। তবে স্থানীয় সরকার সেবার কার্যক্রম কতটা গতিশীল হবে, তা নির্ভর করছে নতুন কর্মস্থলে কর্মকর্তাদের দ্রুত যোগদান এবং দায়িত্ব পালনের ওপর।