ভারতের এক কথিত সাধুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ইনস্টাগ্রামের ‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, ওই সাধু নিজের এবং নারী ভক্তদের মুখ কাপড়ে ঢেকে দীর্ঘ সময় ধরে এক ধরনের ধর্মীয় আচার পালন করছেন। এই দৃশ্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগ তুলেছেন যে, এই আচারের আড়ালে তিনি আসলে নারী ভক্তদের চুম্বন করছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তাকে ‘লিপ কিস বাবা’ নামে অভিহিত করেছেন। অনলাইনে অনেকে প্রশ্ন তুলেছেন, এই সাধু কেন শুধুমাত্র নারী ভক্তদের ক্ষেত্রেই এমন আচরণ করেন এবং পুরুষ ভক্তদের ক্ষেত্রে কেন এমন দৃশ্য দেখা যায় না। অন্যদিকে, সাধুর কিছু অনুসারীর দাবি, এটি একটি নির্দিষ্ট আধ্যাত্মিক ধারার দীক্ষা বা ‘গুরুমন্ত্র’ প্রদানের অংশ মাত্র এবং এর সঙ্গে কোনো অনৈতিক কর্মকাণ্ডের সম্পর্ক নেই।
ভারতে অতীতেও অলৌকিক ক্ষমতার দাবি করে প্রতারণার অভিযোগে অনেক ভণ্ড সাধুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে আসামে রোগ সারানোর নামে নারীদের জোরপূর্বক চুম্বনের অভিযোগে পুলিশ এক কথিত সাধুকে গ্রেপ্তার করেছিল। তবে ‘লিপ কিস বাবা’র সাম্প্রতিক এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে কিনা বা প্রশাসন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা—সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

