ইউরোপীয় সীমান্ত ও কোস্ট গার্ড এজেন্সি (ফ্রন্টেক্স) গত ৪৮ ঘণ্টার মধ্যে গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূল থেকে দুই শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। গ্রিক সংবাদপত্র দিমোক্রাতিয়ার তথ্যমতে, লিবিয়া উপকূল থেকে যাত্রা করা কয়েকটি নৌযানের মাধ্যমে আসা ২০২ জন অভিবাসী এই সময়ের মধ্যে ক্রিটে পৌঁছালে স্থানীয় কর্তৃপক্ষ ও অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর চাপের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সকালে ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ ৪০ জন অভিবাসীকে বহনকারী একটি নৌকা শনাক্ত করার পর কোস্টগার্ডের সহায়তায় তাদের ইয়েরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের পরিচয় যাচাই ও নিবন্ধনের কাজ সম্পন্ন করা হয়। এর কয়েক ঘণ্টা আগেই আরও দুটি নৌকায় ১১২ জন অভিবাসী সেখানে পৌঁছান। প্রথম নৌকাটিতে ৩১ জন সুদানি ও ২৫ জন বাংলাদেশি ছিলেন। দ্বিতীয় নৌকাটিতে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিশরীয় নাগরিক ছিলেন।
উদ্ধার হওয়া সব অভিবাসীকে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এদিকে গ্রিক কর্তৃপক্ষ দক্ষিণ সুদানের ১৬ বছর বয়সী এক কিশোরকে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে। অভিবাসীদের ভাষ্য অনুযায়ী, কিশোরটি লিবিয়ার তোব্রুক থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করা নৌকাটি চালিয়েছিল এবং এই কাজের জন্য প্রত্যেক অভিবাসীর কাছ থেকে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ডলার পর্যন্ত অর্থ আদায় করেছিল। এই কিশোরের বিরুদ্ধে অতীতে ৫০ জন অভিবাসীকে পাচারের সঙ্গে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে।

