দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যান শেখ হাসিনা: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা তিনি চাইছেন। তবে তিনি দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যান এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন। ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে তিনি প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভাতেও অংশ নেন।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যার অভিযোগ রয়েছে, যা অস্বীকার করার উপায় নেই। তিনি যদি সত্যিই সত্যের মুখোমুখি হতে চান, তবে তাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে।

শেখ হাসিনার দেশে ফেরা ও বর্তমান অবস্থান নিয়ে মন্ত্রী মন্তব্য করেন, অনেকে বলছেন তিনি ভিডিও কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন। তবে সেই অডিও রেকর্ড করা এবং তা এআই-সৃষ্ট হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। তিনি দেশে ফিরুন বা বিদেশ থেকেই কথা বলুন, আইনের দৃষ্টিতে তিনি একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে জুলাই বিপ্লবে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যা এবং সাড়ে চার হাজার মানুষকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ রয়েছে।

শেখ হাসিনার ফিরে আসা নিয়ে যারা কথা বলছেন, তাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন—এত সব অভিযোগ ও ঘটনার পরও তিনি কি একবারও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন বা নিজের অপরাধ স্বীকার করেছেন?