দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত শান্তিময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি রাজধানীর শাহবাগ চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম বলেন, দেশের কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও ভিন্নমত দমনের রাজনীতি আর সহ্য করা হবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি জোর দিয়ে বলেন, জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে শিক্ষার্থীরা কোনো সহিংসতা চায় না, বরং তারা নিরাপদ, শিক্ষাবান্ধব ও মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন ক্যাম্পাস দেখতে চায়।
ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফির সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ। তিনি বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা দখলদার শক্তির নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠান থাকতে পারে না। শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য ক্যাম্পাসের সহিংসতার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
রাজু ভাস্কর্যের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সাজিদ, কেন্দ্রীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সম্পাদক জাবের আল হুসাইন এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন। এছাড়া ঢাকা মহানগর পূর্বের সভাপতি আমিনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহাম্মদ ওবায়দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বায়তুল মাল সম্পাদক আলী হোসেন তন্ময়সহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

